ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মিত্রদের সরাসরি পাশে না পেয়ে এবার ন্যাটোর ইউরোপীয় সদস্যদের ওপর চরম চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনদর্খল ও তেলের সরবরাহ স্বাভাবিক করতে ইউরোপীয় দেশগুলো সহায়তা না করলে ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। প্রভাবশালী গণমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’- এর এক প্রতিবেদনে ট্রাম্পের এই ‘উন্মত্ত’ কূটনৈতিক অবস্থানের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালী রক্ষায় ইউরোপীয় দেশগুলোর গড়িমসিতে ট্রাম্প ‘ভীষণ ক্ষুব্ধ’ হয়ে উঠেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে পরিচালিত ইউক্রেনীয় প্রতিরক্ষা উদ্যোগ ‘পিইউআরএল’- এ যুক্তরাষ্ট্র আর কোনো অস্ত্র বা সরঞ্জাম দেবে না। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের মুখে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের মধ্যস্থতায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি গত ১৯ মার্চ এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালীতে সামরিক অবদান রাখার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা ট্রাম্পের এই কৌশলকে ‘ব্ল্যাকমেইল ডিপ্লোমাসি’ হিসেবে অভিহিত করছেন।
এদিকে, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইউক্রেনের ওপর গত ২৪ ঘণ্টায় প্রায় ৭০০টি ড্রোন নিয়ে স্মরণকালের অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্যমতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩৬০টির বেশি ড্রোন এবং রাতভর আরও ৩৩৯টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এই হামলায় দেশটির মধ্যাঞ্চলীয় চেরকাসি এলাকায় চারজন নিহত হয়েছেন এবং পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইউক্রেন দাবি করেছে তারা সিংহভাগ ড্রোন ভূপাতিত করেছে, তবে ১৪টি ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বিপর্যয় সৃষ্টি করেছে।
অন্যদিকে, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রেমলিনের দাবি অনুযায়ী, ২০২২ সাল থেকে তাদের নাগালের বাইরে থাকা ক্ষুদ্র ভূখণ্ডটিও এখন রুশ সেনাদের দখলে। তবে এই দাবিকে ‘অতিরঞ্জিত’ বলে প্রত্যাখ্যান করেছে মার্কিন থিঙ্কট্যাঙ্ক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার’। তাদের মতে, রণক্ষেত্রে অতি সামান্য পরিবর্তনকে বড় বিজয় হিসেবে প্রচার করে রুশ বাহিনী আসলে মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চাইছে। মূলত লুহানস্কের ৯৯ শতাংশ আগে থেকেই রাশিয়ার দখলে ছিল।
Publisher & Editor