বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

জমি জালিয়াতির মারপ্যাঁচে বিপাকে সোনালি বেন্দ্রে

প্রকাশিত: ০৬:৫৩, ০২ এপ্রিল ২০২৬ |

একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে এবং তার স্বামী গোল্ডি বহেলের বিরুদ্ধে পুনের মাভাল এলাকায় একটি জমি কেনাবেচা নিয়ে জালিয়াতি ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চন্দ্রকান্ত শিন্ডে নামে স্থানীয় এক চাষি তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সোনালি বেন্দ্রের বিরুদ্ধে প্রায় ৩০ গুণ্ঠা জমি নিয়ে কারচুপির অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় পুনের ভাদগাঁও মাভাল দেওয়ানি আদালতে একটি মামলাও হয়েছে। আর এ  মামলায় সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেল ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।

জমিটি আসলে কার এবং কেনাবেচায় কোনো কারচুপি হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। আগামী ২০ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুই পক্ষের যুক্তি শোনার পর আদালত যে রায় দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।

অভিযোগকারী চাষির দাবি, ১৯৫৭ সাল থেকে ওই বিতর্কিত জমির ওপর তার পরিবারের অধিকার রয়েছে। গোল্ডি বহেল অবৈধভাবে সেই অধিকার খর্ব করে জমি নিজের নামে করেছেন। প্রায় ৩২ হাজার বর্গফুট এলাকাজুড়ে থাকা ওই জমিতে জোর করে বেআইনি নির্মাণের চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। এমনকি চাষির পরিবারকে ভয় দেখানোরও অভিযোগ রয়েছে সোনালি বেন্দ্রের পরিবারের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন ওই কৃষক।

অন্যদিকে সোনালি বেন্দ্রে এবং তার আইনজীবী সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, সরকারি কোনো নথিতে বা জমি কেনাবেচার কাগজে তার নাম নেই। এ অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন সোনালি।

অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, এর আগে ওই চাষি তহশিলদার ও মহকুমা শাসকের কাছে একাধিকবার আবেদন করেছিলেন। কিন্তু প্রতিবারই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আগামী ২০ এপ্রিল এ মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

Mahfuzur Rahman

Publisher & Editor