বিটিএস তারকা জাংকুক ও ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের সম্ভাব্য যৌথ গানের গুঞ্জনে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। জাংকুকের সাম্প্রতিক পোস্ট সেই জল্পনাকে আরও জোরালো করেছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে অরিজিৎ সিংয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন বিটিএস সদস্য জাংকুক। পোস্টে তিনি অরিজিতের প্রশংসা করে লিখেছেন, তিনি শুধু একজন অসাধারণ শিল্পীই নন, বরং অত্যন্ত বিনয়ী ও মানবিক একজন মানুষ।
জাংকুক আরও উল্লেখ করেন, শিল্পী সত্তার বাইরে মানুষ হিসেবেও অরিজিৎ সিং তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন বলে জানান তিনি।
শেয়ার করা ছবিগুলোতে দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে—কখনও খাবারের টেবিলে, কখনও গিটার হাতে, আবার কখনও মিউজিক রুমে আলোচনায় মগ্ন। এসব মুহূর্ত ঘিরেই ভক্তদের মধ্যে নতুন কোনো সংগীত প্রজেক্টের জোর গুঞ্জন তৈরি হয়েছে।
জাংকুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন, তারা একসঙ্গে কিছু বিশেষ কাজ করেছেন, যা শিগগিরই প্রকাশ পেতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবুও এই সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
এদিকে দীর্ঘ বিরতির পর গত ২০ মার্চ বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ করেছে। মুক্তির প্রথম দিনেই প্রায় ৩.৯৮ মিলিয়ন কপি বিক্রি হয়ে কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে অ্যালবামটি। এর ‘সুইফম’ গানটি বর্তমানে ৯০টি দেশের আইটিউনস টপ চার্টে শীর্ষে রয়েছে।
অন্যদিকে অরিজিৎ সিং সাম্প্রতিক সময়ে প্লেব্যাকের বাইরে সংগীতচর্চা ও চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দিচ্ছেন। তবে জাংকুকের সঙ্গে সম্ভাব্য এই কাজটি তার ভক্তদের জন্য বড় চমক হয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Publisher & Editor