রবিবার, ১৫ মার্চ ২০২৬

ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে ২৮ ফুটবলার, নেই হামজা চৌধুরী

প্রকাশিত: ০৮:৫৮, ১৫ মার্চ ২০২৬ |

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। 

ম্যাচ দুটি সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। সেই ক্যাম্পের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ ২৮ ফুটবলারের নাম ঘোষণা করেছে।

এই তালিকায় নেই হামজা চৌধুরী। বাফুফে জানিয়েছে, প্রস্তুতি পর্বের প্রথম ধাপে হামজা থাকবেন না, সে জন্যই রাখা হয়নি তাকে। ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। হামজা সেখানেই যোগ দেবেন।

স্কোয়াডে আছেন বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই শেষে জাতীয় দলে ফেরার অপেক্ষায় বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। সর্বশেষ ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন বিশ্বনাথ।

দলে নতুন মুখ ব্রাদার্সের গোলকিপার ইসহাক আকন্দ।

বাদ পড়েছেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। গত নভেম্বরে নেপালের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার।‎
এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাই পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই জয়, দুই ড্র।

সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।
‎বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড

গোলকিপার : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ।

ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান, ঈসা ফয়সাল।

মিডফিল্ডার : কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।

ফরোয়ার্ড : আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।

Mahfuzur Rahman

Publisher & Editor