শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০৮:৫২, ১৩ মার্চ ২০২৬ |

৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

শুক্রবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেনি। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, আমরা মনে করি, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা,  ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। এ আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই—মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এ নেতৃত্বকে দমন করতে এ অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আহ্বান, এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নিন। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Mahfuzur Rahman

Publisher & Editor