পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ভালো হয়েছে বলে জানিয়েছেন পল কাপুর।
বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ও পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন পল কাপুর।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পল কাপুর প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। তার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শুরু করেন।
বৈঠকে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্যচুক্তির বাস্তবায়ন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মায়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু- বিশেষ করে, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন পল কাপুর।
তার সফরসূচি অনুযায়ী, আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর।
এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েেছে তার। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি। তারপর ঢাকা ছেড়ে যাবেন।
Publisher & Editor