রবিবার, ০১ মার্চ ২০২৬

অবসর ভেঙে ফিরতে চান পাকিস্তানের তারকা স্পিনার

প্রকাশিত: ০৫:৩২, ০১ মার্চ ২০২৬ |

পাকিস্তানের লেগ-স্পিনার উসমান কাদির আন্তর্জাতিক ক্রিকেট থেকে নেওয়া অবসর সিদ্ধান্ত প্রত্যাহার করে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় ৩১ বছর বয়সী এই স্পিনার জানান, তিনি সব ফরম্যাটে নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন।

২০২৪ সালের ৩ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কাদির। তবে অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক একটি সফল মৌসুম তার ভাবনায় বড় পরিবর্তন আনে।

সেখানে ৪১ উইকেট শিকার করে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান তিনি।
নিজের ঘোষণায় কাদির বলেন, ‘গভীরভাবে ভেবে দেখার পর এবং অস্ট্রেলিয়ায় সফল সময় কাটানোর অভিজ্ঞতায় আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখনই অবসর প্রত্যাহার করছি এবং সব ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত।’

পারিবারিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন তিনি।

তার বাবা, পাকিস্তানের কিংবদন্তি স্পিনার আবদুল কাদিরের অবদান তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান উসমান। ‘ক্রিকেট আমার কাছে শুধু খেলা নয়, এটি আমাদের পরিবারের ঐতিহ্য। বাবার স্মৃতি ও পরিবারের সমর্থন আমাকে আবারও দেশের হয়ে খেলতে উদ্বুদ্ধ করেছে,’ বলেন তিনি।
আগামীতে কঠোর পরিশ্রম করে আবার জাতীয় দলে জায়গা করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কাদির।

তিনি জানান, ‘আমি শুরু থেকে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। পাকিস্তান ক্রিকেটকে সর্বোচ্চটা দিতে চাই।’
উসমান কাদির এখন পর্যন্ত একটি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৩১ উইকেট।

Mahfuzur Rahman

Publisher & Editor