১৫, ৪৬, ৫, ২৫—টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ইনিংস মিলিয়ে বাবর আজমের রান ৯১, ব্যাটিং গড় ২২.৭৫। এর চেয়েও বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল বাবরের মাত্র ১১২.৩৪ স্ট্রাইক রেট।
এই স্ট্রাইক রেট টি-টোয়েন্টির দাবি মেটানোর মতো তো নয়-ই, আজকের সমীকরণ মেলানোর জন্য আরো অকেজো।
কারণ, নিউজিল্যান্ডের নেট রান রেট টপকে সেমিফাইনালে উঠতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে কমপক্ষে ৬৫ রানে জিততে হবে।
সে জন্য শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে পারে, এমন কাউকে বিবেচনায় নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
তাই বাবরের তারকা খ্যাতিকে তোয়াক্কা না করে তাকে বাদ দিয়েই বাঁচা-মরার ম্যাচে একাদশ সাজিয়েছে পাকিস্তান। বাবরের জায়গায় খেলছেন খাজা নাফে।
পাকিস্তানের একাদশে আরো চমক আছে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার সাইম আইয়ুবের পরিবর্তে খেলছেন লেগ স্পিনার আবরার আহমেদ। আর পেসার সালমান মির্জার জায়গায় এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো একাদশে ঢুকেছেন আরেক পেসার নাসিম শাহ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইয়ুব বল হাতে পাঁচ ম্যাচে ৫ উইকেটে নিলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। পাঁচ ম্যাচে ১৪ গড়ে করেছেন মাত্র ৭০ রান।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।
পাকিস্তানের একাদশ : ফখর জামান, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), খাজা নাফে, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, আবরার আহমেদ ও উসমান তারিক।
শ্রীলঙ্কার একাদশ: কামিল মিশারা (উইকেটকিপার), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, মহীশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।
Publisher & Editor