শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আবারও পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

প্রকাশিত: ০৭:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |

ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বছর দুয়েক আগে শোনা গিয়েছিল পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন তিনি। 

এবার গুঞ্জন, ক্রিকেটার নাকি চতুর্থবার বিয়ে করেছেন! সোশ্যাল মিডিয়ায় এবার তার নাম জড়ানো হচ্ছে পাকিস্তানি অভিনেত্রী ভানিজা সাত্তার-এর সঙ্গে। 

দাবি উঠেছে, ২৭ ফেব্রুয়ারি নাকি তাদের বিয়ে হয়েছে।

পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত শোয়েব বা ভানিজা কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

ভানিজা সাত্তার পাকিস্তানের টিভি দর্শকদের পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘লাডলি’-তে ‘নাজো’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

করাচিতে জন্ম নেওয়া এই অভিনেত্রী সেখানেই বেড়ে উঠেছেন এবং করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা-র সঙ্গে শোয়েব মালিকের বিয়ে ছিল বহুল আলোচিত। ২০১০ সালের এপ্রিলে হায়দরাবাদে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে—ইযহান।

প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালের জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেন শোয়েব ও সানিয়া। এরপর অল্প সময়ের মধ্যেই লাহোরে ছোট পরিসরে সানা জাভেদকে বিয়ে করেন তিনি, যার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

উল্লেখ্য, শোয়েবের প্রথম বিয়ে হয়েছিল আয়েশা সিদ্দিকীর সঙ্গে, যা নিয়েও সে সময় বড় বিতর্ক তৈরি হয়েছিল। সব মিলিয়ে, শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন আবারও শিরোনামে। 

Mahfuzur Rahman

Publisher & Editor