শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

এমবাপ্পেকে বানর বলে কটূক্তি, অভিযুক্তের শাস্তি দাবি

প্রকাশিত: ০৫:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |

কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড ও ২,৮৮০ ইউরো জরিমানার আবেদন করেছে স্পেনের সরকারি কৌঁসুলি কার্যালয়।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের আগস্টে রিয়াল মাদ্রিদ ও রিয়াল ওবেইদো-এর মধ্যকার এক ম্যাচে গোল করার পর এমবাপ্পেকে উদ্দেশ করে অভিযুক্ত ব্যক্তি বানরের মতো অঙ্গভঙ্গি ও শব্দ করে কটূক্তি করেন। কৌঁসুলিদের ভাষ্য, তিনি ‘খেলোয়াড়ের গায়ের রঙের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ প্রদর্শন করেন এবং তার আচরণ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কাছেও স্পষ্টভাবে শোনা যায়।

২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এমবাপ্পের বিরুদ্ধে এটিই প্রথম বর্ণবাদী ঘটনা।

তবে স্পেনের শীর্ষ লিগে বর্ণবাদী আচরণ নতুন নয়। তার সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র দীর্ঘদিন ধরেই এমন অপব্যবহারের শিকার হয়ে আসছেন। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলেছেন তিনি, যদিও প্রেস্তিয়ানি অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে ২০২৫ সালের মে মাসে রিয়াল ভায়োদলিদের পাঁচ সমর্থককে ভিনিসিউসকে উদ্দেশ্য করে বর্ণবাদী গালি দেওয়ার দায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি ২০২৩ সালে তার কুশপুতুল ঝুলিয়ে রাখার ঘটনায় অ্যাতলেতিকো মাদ্রিদের এক উগ্র সমর্থক গোষ্ঠীর চার সদস্যকেও সাজা দেওয়া হয়েছিল, যা পরে জরিমানায় রূপান্তর করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor