বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টিন ফাইলসে নাম আসার জেরে ইন্ডিয়া এআই সামিটে যোগ দিচ্ছেন না বিল গেটস

প্রকাশিত: ০৫:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ |

বিল গেটস আজ বৃহস্পতিবার ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এ মূল বক্তা হিসেবে ভাষণ দিচ্ছেন না। মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতার নাম ‘এপস্টিন ফাইলস’-এ আসার পর তৈরি হওয়া বিতর্কের মধ্যে আজ সকালে তাঁর দাতব্য সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’ এই তথ্য জানিয়েছে।

গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে এই সম্মেলনে বক্তব্য দেবেন সংস্থাটির আফ্রিকা ও ভারত শাখার প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গেটস ফাউন্ডেশন জানিয়েছে, ‘অনেক চিন্তাভাবনার পর এবং এআই সামিটের মূল বিষয়গুলোতে যাতে সবার মনোযোগ থাকে, তা নিশ্চিত করতে বিল গেটস ভাষণ দেবেন না।’

গত মঙ্গলবার সকালে সম্মেলনের মূল অংশগ্রহণকারীদের তালিকা থেকে বিল গেটসের নাম বাদ পড়েছিল। এনডিটিভি সরকারি সূত্রের বরাতে জানায়, ভারত সরকার ‘এপস্টিন ঘটনায় ভুক্তভোগীদের পাশে থাকতে চায়’।

তবে গত রাতে বিল গেটসের নাম আবার তালিকায় দেখা গিয়েছিল। সূত্রগুলো জানাচ্ছে, সরকার চায় মূল মনোযোগ যেন কেবল কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত আলোচনার ওপর থাকে এবং অন্য কোনো বিতর্কের দিকে যেন কেউ ঝুঁকে না পড়ে।

গত সোমবার শুরু হওয়া এই সম্মেলন হচ্ছে এআইবিষয়ক চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক আয়োজন। এর আগে ২০২৩ সালে যুক্তরাজ্য, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া এবং ২০২৫ সালে ফ্রান্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এবার ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’ নামে ভারতে এই আয়োজন হচ্ছে। সম্মেলনে ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১০০ জন সিইও ও প্রতিষ্ঠাতাসহ বিশ্বের ৫০০ জনের বেশি এআই বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

গত মাসে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত এপস্টিন ফাইলের নথিতে বিল গেটসের নাম উল্লেখ করা হয়েছে।

জেফরি এপস্টিন ছিলেন একজন দণ্ডিত যৌন নিপীড়ক, যিনি ২০১৯ সালে মার্কিন কারাগারে আত্মহত্যা করেন। নথিতে থাকা একটি ই–মেইলের খসড়ায় এপস্টিন অভিযোগ করেন, গেটসের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

ই–মেইলে এপস্টিন লিখেছিলেন, রুশ মেয়েদের সঙ্গে সম্পর্কের পর ওষুধের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে বিবাহিত নারীদের সঙ্গে গোপন সাক্ষাতে সহায়তা করা পর্যন্ত গেটসের সঙ্গে তাঁর (এপস্টিন) সম্পর্ক ছিল।

বিল গেটস অবশ্য এপস্টিনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্তের’ জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। এ মাসে তিনি নাইন নিউজ অস্ট্রেলিয়াকে বলেছেন, ‘তাঁর (এপস্টিন) সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত এবং আমি ক্ষমা চাইছি।’

ই–মেইলটি সম্পর্কে গেটস বলেন, ‘সেই ই–মেইলটি কখনো পাঠানো হয়নি। এটি মিথ্যা। আমি জানি না, তিনি কী ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন?’

গেটস বলেন, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিন বছরে তাঁরা বেশ কয়েকবার নৈশভোজ করেছেন। তবে তিনি কখনোই এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গেও সম্পর্কে জড়াননি।

বিল গেটস আরও বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল, তিনি (এপস্টিন) অনেক ধনী ব্যক্তিদের চিনতেন। তিনি বলেছিলেন, তাঁদের কাছ থেকে বিশ্বস্বাস্থ্যের জন্য অর্থ এনে দিতে পারবেন। পরে বুঝেছি, সেটা ছিল একটা ভুল পথ।’

গেটস ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানিয়েছেন, এসব নথি কেবল এটাই প্রমাণ করে, গেটসের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক না থাকায় এপস্টিন হতাশ ছিলেন। গেটসকে ফাঁসানোর জন্য তিনি যেকোনো পর্যায়ে যেতে পারতেন।’

Mahfuzur Rahman

Publisher & Editor