রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর সৌদি-সিরিয়ার

প্রকাশিত: ০১:৫৬, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ |

৫ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের পাঁচটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব ও সিরিয়া। বিমান চলাচল, টেলিযোগাযোগ ও পানিসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও সহযোগিতা জোরদার করতে এসব চুক্তি করা হয়।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দামেস্কে এক অনুষ্ঠানে এসব চুক্তি সই হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

দামেস্কের পিপলস প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ। এই চুক্তিগুলোকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান তালাল আল-হিলালি বলেন, নাগরিকদের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খাতে একাধিক কৌশলগত চুক্তি স্বাক্ষরের জন্য দুই পক্ষ একত্রিত হয়েছে। এসব চুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করা এবং ডিজিটাল সংযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে নতুন অংশীদারত্বের সূচনা হবে।

সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, সৌদি আরব সিরিয়ার পাশে রয়েছে এবং দেশটির পুনরুদ্ধার, প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার পথে পূর্ণ সমর্থন দিচ্ছে। তিনি বড় প্রকল্পে বিনিয়োগের জন্য ‘এলাফ ফান্ড’ প্রতিষ্ঠার কাজ শুরু করার ঘোষণা দেন এবং দুই দেশের মধ্যে ব্যাংকিং ট্রান্সফার চ্যানেল পুনরায় সক্রিয় করার কথাও জানান।

সিরিয়ার যোগাযোগমন্ত্রী আবদুলসালাম হায়কাল বলেন, ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ডেটা ট্রানজিট করিডর হিসেবে নিজেকে প্রতিষ্ঠার কৌশল নিয়েছে সিরিয়া। সিল্ক লিংক প্রকল্প সিরিয়াকে একটি বৈশ্বিক সংযোগ কেন্দ্র হিসেবে দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে জানান তিনি।

এদিকে সিরিয়ান সিভিল এভিয়েশন অথরিটির প্রধান ওমর আল-হুসরি জানান, দুটি বড় চুক্তি স্বাক্ষর হয়েছে। একটি আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন ও পরিচালনার জন্য এবং অন্যটি ‘নাস সিরিয়া’ নামে একটি নতুন স্বল্পব্যয়ী জাতীয় বিমান সংস্থা প্রতিষ্ঠার জন্য। 

তিনি বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে সিরিয়া আবারও শক্তভাবে আন্তর্জাতিক বিমান চলাচল নেটওয়ার্কে ফিরে আসবে।

চুক্তিগুলোর আওতায় পানি বিশুদ্ধকরণ ও স্থানান্তর ব্যবস্থা উন্নয়নের জন্য অর্থনৈতিক, কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। পাশাপাশি ফাইবার-অপটিক কেবল সম্প্রসারণ, ডেটা সেন্টার স্থাপনসহ সিরিয়ার টেলিযোগাযোগ অবকাঠামোর বড় ধরনের সংস্কার করা হবে, যাতে আঞ্চলিক ডেটা ট্রানজিট ও আন্তর্জাতিক সংযোগের কেন্দ্র হতে পারে দেশটি।

এছাড়া আধুনিক সিরিয়ান কেবলস কোম্পানি পরিচালনা ও উন্নয়ন, জাতীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্ল্যাটফর্ম উন্নীতকরণ এবং উন্নয়ন সহযোগিতার জন্য একটি কাঠামোগত চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে সিরিয়ান ডেভেলপমেন্ট ফান্ড ও সৌদি ডেভেলপমেন্ট কমিটির মধ্যে ৪৫টি যৌথ উদ্যোগ চালু করা হয়েছে।

আল-ফালিহ সৌদি দৈনিক আশারককে বলেন, স্বাক্ষরিত বিনিয়োগ চুক্তিগুলোর মোট মূল্য প্রায় ২০ বিলিয়ন সৌদি রিয়াল বা প্রায় ৫.৩ বিলিয়ন ডলার। এর আগে দুই দেশের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন রিয়াল মূল্যের সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ফলে সিরিয়ায় মোট সৌদি বিনিয়োগের পরিমাণ দাঁড়াল প্রায় ৬০ বিলিয়ন রিয়াল বা ১৬ বিলিয়ন ডলারে। এসব বিনিয়োগ সিরিয়ায় সৌদি বিনিয়োগের আরও বিস্তৃত সূচনার ভিত্তি তৈরি করবে বলে মনে করেন তিনি।

এর আগে শনিবার সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহের নেতৃত্বে একটি সৌদি অর্থনৈতিক প্রতিনিধি দল দামেস্কে পৌঁছায়। দলে ছিলেন সৌদি যোগাযোগমন্ত্রী আবদুল্লাহ আল-স্বাহা, সিভিল এভিয়েশন অথরিটির প্রধান আবদুলআজিজ আল-দুয়াইলেজসহ অন্যান্য কর্মকর্তারা।

তথ্যসূত্র: আনাদোলু

Mahfuzur Rahman

Publisher & Editor