রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

কাক ও কোকিলের ছড়া

প্রকাশিত: ১১:৪৬, ৩১ জানুয়ারি ২০২৬ |

কোকিল কালো, কাকও কালো, রঙের বেজায় মিল

কিন্তু কেন কাককে দেখে ছেলেরা দেয় ঢিল?

আওয়াজ পেলেই দূর হ, দূর হ—জোরসে মারে তাড়া

একসাথে কাক দেখলে কোথাও যায় পড়ে যায় সাড়া।
 

অথচ ঠিক উল্টো ঘটে কোকিল যখন আসে

দেখতে কালো হলেও কোকিল সবাই ভালোবাসে।

কাক আর কোকিল দুটোই পাখি, একই ধরন গড়ন

কাক কোকিলের কাছাকাছি চলা, নড়নচড়ন।
 

প্রশ্ন : কেন কাক প্রিয় নয়, কে করেছে বারণ?

ব্যাপারটা কেউ বলতে পারো? কী আছে এর কারণ?

শুনবে জবাব? মানবে কি তা? বলবে না তো—উহু!

বসন্তকাল এলেই কোকিল ডাকে মুহুর্মুহু।
 

সে ডাক লাগে মধুর আহা! মিষ্টি ভীষণ ভাষা

কা কা কা কা ডাক কাকেরই, কেউ বলে না খাসা।

মিষ্টি ভাষার মূল্য অনেক, ভাষাতে যায় চেনা

মিষ্টি কথা টানে কাছে, কথাতে যায় কেনা।

Mahfuzur Rahman

Publisher & Editor