রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সিরিয়ার জনপ্রিয় অভিনেত্রী হুদা শারাউই খুন

প্রকাশিত: ১১:২৮, ৩১ জানুয়ারি ২০২৬ | ১০

সিরিয়ার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী হুদা শারাউই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজ ফ্ল্যাট থেকে তার মহদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— ওই দিন ভোর ৫টা থেকে ৬টার মধ্যে অভিনেত্রী খুন হয়েছেন।

ষাটের দশকে সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ছোটপর্দার অভিনেত্রী হিসেবে তারকা খ্যাতি পান। দীর্ঘ অভিনয়জীবনে দুবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন হুদা শারাউই। 

১৯৩৮ সালে জন্ম নেওয়া এ অভিনেত্রী ৯ বছর বয়স থেকেই বিনোদন জগতে কাজ শুরু করেন। সিরিয়ার রেডিও প্রোগ্রাম বিশেষ করে ‘দ্য রুল অব জাস্টিস’-এ অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান হুদা শারাউই। 

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ ইত্যাদি।  

এদিকে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতানের দেওয়া তথ্যমতে, হুদা শারাউইর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার প্রধান সন্দেহভাজন তার গৃহকর্মী। অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ঘটনার পরপরই সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্তে নেয় এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে কাজ শুরু করে।

Mahfuzur Rahman

Publisher & Editor