বুধবার, ২০ মে ২০২৬

নিজের মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৩:০৩, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার নিজের মৃত্যুর গুজব নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। গত কয়েক দিন ধরে এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফক্স নিউজের একজন সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং এটিকে 'সম্পূর্ণ পাগলামি' বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, 'সত্যি বলছেন? আমি তো এটা দেখিনি। গত সপ্তাহে আমি একাধিক সফল সংবাদ সম্মেলন করেছি। মাত্র দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলা শুরু করল, নিশ্চিতভাবেই আমার কিছু হয়েছে।' ট্রাম্প ব্যঙ্গ করে আরও বলেন, 'বাইডেন তো মাসের পর মাস প্রকাশ্যে আসতেন না। কেউ বলেনি তার কিছু হয়েছে, অথচ তিনি নাকি তখন দারুণ ফিট ছিলেন।'

তিনি জানান যে, এই গুজব চলাকালীন তিনি প্রায় দেড় ঘণ্টার একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' একাধিক পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি পোটোম্যাক নদীর ধারে নিজের ক্লাবে লোকজনের সঙ্গে দেখা করেছেন বলেও উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট এই খবরকে 'পুরোটাই ভুয়া' বলে অভিহিত করে গণমাধ্যমকে আক্রমণ করেন। তিনি বলেন, 'এই ধরনের খবরের কারণেই গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে।'

Mahfuzur Rahman

Publisher & Editor