রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কেন আলাদা থাকছেন ওমর সানী-মৌসুমী, জানা গেল কারণ

প্রকাশিত: ০৬:০৭, ২২ নভেম্বর ২০২৬ | ১৭

ঢাকাই সিনেমার দর্শকদের কাছে মৌসুমী ও ওমর সানী কেবল পর্দার সফল জুটি নন, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পথচলা এক আলোচিত তারকা দম্পতি। কিন্তু গত তিন বছরের বেশি সময় ধরে তাদের সংসার চলছে দুই মহাদেশের দুই প্রান্তে—মৌসুমী যুক্তরাষ্ট্রে আর ওমর সানী বাংলাদেশে। 

দীর্ঘ এই ভৌগোলিক দূরত্বের কারণে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে কিংবা শোবিজের আড্ডায় তাদের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। তবে বাস্তবতা হলো, দূরত্বের দেয়াল নয়, বরং পারিবারিক দায়িত্ববোধ আর পারস্পরিক বোঝাপড়াই এখন তাদের আলাদা থাকার মূল কারণ। 

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। শুরুতে নির্ধারিত কাজ থাকলেও পরবর্তী সময়ে দেশে ফেরা আর হয়ে ওঠেনি তার। এর পেছনের বড় কারণ হিসেবে উঠে এসেছে অসুস্থ মায়ের সেবা এবং মেয়ে ফাইজার পড়াশোনা। 

মৌসুমীর ভাষ্য অনুযায়ী, তার মায়ের বয়স বেড়ে যাওয়ায় একাকী চলাফেরার সামর্থ্য হারিয়েছেন এবং বয়সজনিত ডিমেনশিয়ায় ভুগছেন। এক দিন নিজে হাঁটতে পারলেও পরদিনই বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ার মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। ক্যারিয়ারের ব্যস্ত দিনগুলোতে যে ‘সময়’ মাকে দেওয়া সম্ভব হয়নি, কাজ কমে আসার এই সময়ে মায়ের পাশে থাকতে পারাকে তাই জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

একই সুর শোনা গেছে ওমর সানীর কণ্ঠেও। শাশুড়ির শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই মৌসুমীকে যুক্তরাষ্ট্রে থাকতে উৎসাহ দিয়েছেন তিনি। পরিবারের সদস্য হিসেবে অসুস্থ মায়ের দেখভাল করাটাকে নিজেদের দায়িত্ব মনে করেন এই অভিনেতা। 

এমনকি ২০২৬ সালের জানুয়ারিতে একটি পডকাস্টে ওমর সানী জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনি নিজেও ভিসার আবেদন করেছিলেন, কিন্তু ভিসা না মেলায় পরবর্তীতে আর চেষ্টা করেননি।

যুক্তরাষ্ট্রে মৌসুমীর সঙ্গী হয়েছেন মেয়ে ফাইজা, যিনি নিউইয়র্কে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করছেন। অন্যদিকে তাদের ছেলে ফারদীন এহসান স্বাধীন বর্তমানে অবস্থান করছেন দুবাইয়ে। আর দেশে ওমর সানী সামলাচ্ছেন পারিবারিক ব্যবসা; পাশাপাশি অভিনয়ের ব্যস্ততা কিছুটা কমিয়ে দিয়ে মানিকগঞ্জ ও হেমায়েতপুরে রেস্তোরাঁর দুটি শাখা চালুর মাধ্যমে নতুন ব্যবসায়িক উদ্যোগে সময় দিচ্ছেন।

অবশ্য প্রবাসে থাকলেও অভিনয় কিংবা সাংস্কৃতিক অঙ্গন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন নন মৌসুমী। যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি এবং বিভিন্ন আয়োজনেও নিয়মিত উপস্থিত থাকছেন। 

ভিন্ন দেশে অবস্থান করলেও এই দম্পতির নিয়মিত ভিডিও কলে পরিবারের সবার সঙ্গে কথা হয়। ২০২৬ সালের ৬ মে ওমর সানীর জন্মদিনে ভালোবাসাময় ভিডিও বার্তা পাঠিয়েছিলেন মৌসুমী, যা সানী নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে কৃতজ্ঞতা জানান। 

আর ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও ফেসবুকে শুভেচ্ছা বার্তার মাধ্যমে স্ত্রীর প্রতি নিজের অনুভূতির কথা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী ও ওমর সানী; যার বিবাহোত্তর সংবর্ধনা হয়েছিল দেড় বছর পর ২ আগস্ট। ৩১ বছরের দীর্ঘ এই পথচলায় মান-অভিমান কিংবা নানা গুঞ্জনের ঝড় উঠলেও সবকিছু সামলে একসঙ্গেই আছেন তারা।  

Mahfuzur Rahman

Publisher & Editor