ছবি: সংগৃহীত
মেক্সিকোর সামরিকবাহিনী নাটকীয় অভিযানে কথিত মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে। ‘এল চ্যাপো ইসিদ্রো’ পরিচিত ফাউস্তো ইসিদ্রো মেজা-ফ্লোরেসের নাম মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর শীর্ষ ১০ পলাতক অপরাধীর তালিকায় রয়েছে।
ফাউস্তো ইসিদ্রো গুয়াসাভেভিত্তিক অপরাধী চক্র ‘মেজা-ফ্লোরেস অর্গানাইজেশন’ বা ‘লস মাজাতলেকোস’-এর নেতৃত্ব দেন। শুক্রবার এই অভিযানকে কেন্দ্র করে মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে তীব্র গোলাগুলি শুরু হলে একটি বেসবল ম্যাচ চলাকালীন দর্শকরা প্রাণভয়ে মাঠ ছেড়ে পালিয়ে যান।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, ‘গোপনীয়তা এবং আকস্মিকতা বজায় রেখে অভিজাত সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করে এবং গ্রেপ্তারের পর মেজা-ফ্লোরেসকে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়া হয়।
এফবিআই-এর ওয়ান্টেড পোস্টার অনুযায়ী, মেজা-ফ্লোরেস যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল এবং মারিজুয়ানা মজুদ, বিতরণ ও আমদানির জন্য অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য এফবিআই ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। পোস্টারে আরো উল্লেখ করা হয়, এর আগে ২০১৯ সালে মাদক পাচার আইন লঙ্ঘন ও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এবং ২০১২ সালে মাদক পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছিল। ২০১৩ সালের এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছিল, মেজা-ফ্লোরেস কার্টেল তাদের প্রতিদ্বন্দ্বী সিনালোয়া কার্টেলের সঙ্গে অত্যন্ত রক্তক্ষয়ী এলাকা দখলের লড়াইয়ে লিপ্ত ছিল; যে কার্টেলটির নেতৃত্বে তখন ছিলেন কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগ করছেন।
শুক্রবার মেক্সিকোর কৃষির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গুয়াসাভে এলাকায় মেজা-ফ্লোরেসকে গ্রেপ্তারের এই অভিযানকে কেন্দ্র করে মেক্সিকান সামরিক বাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযান শুরু করার পরপরই কর্তৃপক্ষ গুলি ও বিস্ফোরক হামলার মুখে পড়ে এবং গ্রেপ্তারের স্থানের আশেপাশের বেশ কয়েকটি পৌরসভায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ সৃষ্টি করে।
সিএনএন কর্তৃক যাচাইকৃত নাটকীয় ফুটেজে দেখা গেছে, মেক্সিকান নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার গুয়াসাভে শহরের ওপর চক্কর দিচ্ছে এবং নিচের দিকে বৃষ্টির মতো গুলি ছুড়ছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরে ফেডারেল কর্মীদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সিএনএন কর্তৃক অবস্থান নিশ্চিত করা ওই ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় শুক্রবার রাতে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুরু হলে কুরোদা পার্ক স্টেডিয়ামের গ্যালারি থেকে বেসবল দর্শকরা হুড়োহুড়ি করে বেরিয়ে যাচ্ছেন।
আতঙ্কিত হয়ে এক ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘নিচু হও, মাথা নিচু করো, নিচে বসো, নিচে!’ এ সময় মানুষজনকে ব্যারিকেড টপকে পালাতে দেখা যায় এবং ক্যামেরার আড়ালে একটি শিশুর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। একটি অফিশিয়াল সম্প্রচারে দেখা গেছে, ম্যাচ চলাকালীন মাঝপথেই ‘ভেনাদোস দে মাজাতলান’ এবং ‘আলগোদোনেরোস দে গুয়াসাভে’ দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছেন। সম্প্রচারে ধারাভাষ্যকাররা দর্শকদের জানান, ‘খেলা স্থগিত করা হচ্ছে; মাঠের বাইরে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবকিছু ঠিক থাকে। একটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে, আমাদের জন্য এখন বিরতিতে যাওয়াই ভালো হবে।’
মেক্সিকোর প্রধান গ্রীষ্মকালীন পেশাদার বেসবল লিগ ‘২০২৬ লিগা মেক্সিকানা’র অংশ এই ম্যাচটি স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছিল। সহিংসতা শুরু হওয়ার সময় ব্যক্তিগত কাজে বাইরে থাকা এক স্থানীয় বাসিন্দা জানান, সশস্ত্র ব্যক্তিরা বেসরকারি হাসপাতালগুলো দখল করে নিয়েছে এবং কনভিনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশনসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে বলেন, ‘নির্ধারিত সময়ের অনেক আগেই যেসব দোকান নিরাপত্তার খাতিরে শাটার নামিয়ে দিয়েছিল, আমাকে তেমনই কিছু দোকানের ভেতরে আশ্রয় নিতে হয়েছিল। মানুষজন এখনো ভেতরে আটকা পড়ে আছে।’ তিনি আরও বলেন, ‘আমি যেখানে ছিলাম, ঠিক তার কয়েক মিটার দূর দিয়েই ভারী অস্ত্রে সজ্জিত বেসামরিক লোকজনের একটি গাড়িবহর গুলি ছুড়তে ছুড়তে চলে যায়।’
শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে সিনালোয়া অঙ্গরাজ্য সরকার গুয়াসাভের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং রাস্তায় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার অভিযানে ইন্টারএজেন্সি গ্রুপের কর্তৃপক্ষকে মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ সূত্র: সিএনএন
Publisher & Editor