বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে দুই রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক গ্রেপ্তার

প্রকাশিত: ০০:২৫, ০৫ নভেম্বর ২০২৬ | ৯

নিউইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিংয়ে দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ডা. ফজলুল এইচ ইউসুফ (৭২) নামে এক বাংলাদেশি-আমেরিকান চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগকারীদের একজনের বয়স ১৫ বছর, অন্যজনের ২০ বছর। চিকিৎসার সময় তাঁদের সম্মতি ছাড়াই শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, গত ২০ অক্টোবর ফ্লাশিংয়ে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে পৃথক দুটি ঘটনায় এ নিপীড়নের ঘটনা ঘটে। অভিযোগ, ২০ বছর বয়সী তরুণীর পোশাকের ভেতরে হাত দিয়ে তাঁর স্তনে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন চিকিৎসক। একই দিনে ১৫ বছর বয়সী কিশোরীর উরুতে এবং পোশাকের ওপর দিয়ে স্তনে স্পর্শ করার অভিযোগও করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, চিকিৎসার সময় দুই রোগীকেই নিজের ক্লিনিকে কাজ করার প্রস্তাব দেন ডা. ইউসুফ। এ সময় তাঁদের শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার পাশাপাশি তিনি বলেন, ‘ইউ আর বিউটিফুল। হোয়াই ডোন্ট ইউ কাম ওয়ার্ক ফর মি?’

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর নিউইয়র্ক পুলিশের বিশেষ ভিকটিমস স্কোয়াড তাঁকে গ্রেপ্তার করে। পরে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কমিউনিকেশনস বিভাগের কর্মকর্তারা গত ৩০ অক্টোবর গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনে মুক্তির জন্য ডা. ইউসুফকে ১০ হাজার ডলার নগদ বন্ড এবং ৩০ হাজার ডলারের ইন্স্যুরেন্স কোম্পানি বন্ড দিতে হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী দুই তরুণীর সঙ্গে যোগাযোগ বা তাঁদের কাছে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির দুটি অভিযোগ, জোরপূর্বক শারীরিক স্পর্শ এবং এক কিশোরীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর কিউ২৬৬৪৯৯৭০। গত ৩০ অক্টোবর শুক্রবার জামিনে থাকা অবস্থায় তিনি আবারও ক্রিমিনাল কোর্টে হাজির হন। আদালত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী ৭ জানুয়ারি।

এদিকে, ডা. ইউসুফের বিরুদ্ধে আরও কেউ নিপীড়নের শিকার হয়ে থাকলে তাঁদের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এ জন্য ২১২-২৬৭-৭২৭৩ অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করা যাবে। পরিচয় গোপন রেখেও নিউইয়র্ক পুলিশের ক্রাইম স্টপারস ওয়েবসাইটে অভিযোগ জানানো যাবে: https://crimestoppers.nypdonline.org/।

বগুড়ার সন্তান ডা. ফজলুল এইচ ইউসুফ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএএনএ বা বামনা)-এর ২০১৩-২০১৫ মেয়াদের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্ত চিকিৎসক নিজেকে নির্দোষ দাবি করেছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor