মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

‘প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না’

প্রকাশিত: ০৫:৫৫, ০৩ নভেম্বর ২০২৬ | ১৪

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থাকতে পছন্দ করেন তিনি। তবে সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ, এক রহস্যময় যুবকের সঙ্গে সময় কাটানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এবার প্রেম ও বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে কৌতূহল আরও বাড়ালেন তিনি।

সম্প্রতি অবকাশযাপনে মালদ্বীপে গিয়েছিলেন কেয়া পায়েল। সেখানে এক যুবকের সঙ্গে একটি অভিজাত রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাশাপাশি বসে খাবার খাচ্ছেন দুজন। একপর্যায়ে ওই যুবককে নিজের হাতে খাবারও খাইয়ে দেন অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি নতুন প্রেমে পড়েছেন কেয়া পায়েল? এর মধ্যেই নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ অভিনেত্রীর এমন রহস্যময় মন্তব্যে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে ওই যুবকের পরিচয় কিংবা তার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি কেয়া। সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পক্ষে মত দেন তিনি।

কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।’

বিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, বিয়ের সিদ্ধান্ত নিলে তা আর গোপন রাখবেন না। তবে প্রেমের সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি।

কেয়া বলেন, ‘যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

অভিনেত্রীর এমন বক্তব্যের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। মালদ্বীপের সেই রহস্যময় যুবকই কি কেয়ার জীবনের নতুন কেউ, নাকি পুরো বিষয়টি নিছক বন্ধুত্ব— তা অবশ্য এখনো স্পষ্ট নয়। আপাতত প্রেমের খবর গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন এই অভিনেত্রী।

Mahfuzur Rahman

Publisher & Editor