শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

প্রকাশিত: ০৬:৫২, ৩০ অক্টোবর ২০২৬ | ৬

মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপে দিশেহারা বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা।

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭৯ রান। দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত ১০৫ রানের লিড পেয়েছে টাইগাররা।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করতে হয়। বিরতির পর খেলা শুরু হলে আরও বিপাকে পড়ে বাংলাদেশ। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি স্বাগতিক ব্যাটাররা।

ইনিংসের ১৪তম ওভারে জোমেল ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি। ৪ রান করেই থামে তার ইনিংস। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি।

ওয়ারিক্যানের গুড লেংথের একটি বল দ্রুত ভেতরে ঢোকার পাশাপাশি অতিরিক্ত বাউন্স পায়। মিরাজের ব্যাটের ফাঁক গলে বল সরাসরি স্টাম্পে আঘাত করলে ৯ রানেই বোল্ড হয়ে ফেরেন তিনি।

লিটনের বিদায়ের পর মাত্র ২০ বলের ব্যবধানে আরও দুটি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। এর আগে দলীয় ৩৫ রানেই পাঁচ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।

এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়। ব্যাট হাতে বড় লিড গড়তে না পারলেও বল হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচে চাপে পড়ে বাংলাদেশ। পরে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor