ছবি: সংগৃহীত
মার্কিন পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট দক্ষিণ ক্যারোলাইনার একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ (ডিওই) জানিয়েছে, আগুন লাগার পর জরুরি ব্যবস্থা নেওয়া হলেও স্থাপনাটির বাইরে তেজস্ক্রিয় দূষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আইকেন শহরের কাছে অবস্থিত সাভানা রিভার সাইটের (এসআরএস) অংশ সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জ্বালানি বিভাগ এক বিবৃতিতে জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে কোনো দূষণের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই জরুরি নিরাপত্তা প্রোটোকল কার্যকর করা হয়। উদ্ধারকাজে সরাসরি যুক্ত নন, এমন কর্মীদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাজ বন্ধ রেখে নিজ নিজ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এলাকাটিতে যানবাহন চলাচল বন্ধ করা হয় এবং আশপাশের রেল, নৌ ও আকাশপথে চলাচল সীমিত করা হয়।
পরে কর্মকর্তারা রাত ৯টা ৪৫ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করেন।
তাদের মতে, তেজস্ক্রিয়তা পরীক্ষায় শনাক্তযোগ্য কোনো দূষণ পাওয়া যায়নি। এরপর নিরাপত্তামূলক বিধিনিষেধ তুলে নেওয়া হয় এবং বৃহস্পতিবার থেকে স্থাপনাটিতে স্বাভাবিক কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি কক্ষে আগুন লাগার ফলে স্থাপনাটির ভেতরে ভূমিস্তরে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় একজন কর্মচারী সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা গেছে।
শীতল যুদ্ধের সময় ১৯৫০-এর দশকের গোড়ার দিকে প্রতিষ্ঠিত সাভানা রিভার সাইট মূলত মার্কিন পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদন করত। পরবর্তী সময়ে এখানকার উৎপাদনকারী পারমাণবিক চুল্লিগুলো বন্ধ করে দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার রক্ষণাবেক্ষণে স্থাপনাটি এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে এসআরএসে ট্রিটিয়াম প্রক্রিয়াজাত ও পুনঃপূরণের কাজ করা হয়। হাইড্রোজেনের তেজস্ক্রিয় এই আইসোটোপ পারমাণবিক ওয়ারহেডের বিস্ফোরণক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয়। এ ছাড়া স্থাপনাটিতে পারমাণবিক উপাদান ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য পরিশোধন এবং পরিবেশ পুনরুদ্ধারের কাজও পরিচালিত হয়।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার আধুনিকায়নের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এসআরএসে পারমাণবিক যুদ্ধাস্ত্রের জন্য প্লুটোনিয়াম কোর তৈরির একটি কেন্দ্রও নির্মাণ করছে মার্কিন সরকার।
এদিকে, কানাডার আলবার্টা প্রদেশের ওয়েনরাইট কানাডিয়ান ফোর্সেস বেসে সরাসরি গোলাবর্ষণ প্রশিক্ষণের সময় অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত এবং আরও ৩৯ জন আহত হওয়ার ঘটনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল।
কানাডার সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেনাসদস্যদের অবস্থানস্থল গ্রাস করে।
গত সপ্তাহে বাহিনীটি জানায়, আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ১২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় সামরিক পুলিশ স্বাধীন তদন্ত শুরু করেছে। সূত্র: আরটি
Publisher & Editor