বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পাঁচ খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, ১৭ প্রকল্পের ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৫, ২৮ অক্টোবর ২০২৬ | ১০

বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সমঝোতা স্মারক বিনিময়ের পাশাপাশি মোট ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।

জেট্রো এবং জাপান–বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে ফোরামের আয়োজন করে। সহযোগিতায় ছিল টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ আহ্বানের অগ্রাধিকার খাতগুলো হলো গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, দ্রুতগতির রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ। এসব খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে সরকারি সহযোগিতা ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সংস্কারের আশ্বাস দেন তিনি।

জ্বালানি খাতে এলএনজি অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে কেন্দ্র করে বাংলাদেশ–জাপান প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালসহ প্রধান শহরগুলোকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও তার বক্তব্যে উঠে আসে। জাপানি বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, উন্নত অবকাঠামো এবং কর ও শুল্কব্যবস্থায় পূর্বানুমানযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্প

ফোরামের ঘোষণাপর্বের সরবরাহকৃত ট্রান্সক্রিপ্ট অনুযায়ী, মোট ১৭টি প্রকল্পের উল্লেখ করা হয়। এ পর্বে টয়োটা তসুশো করপোরেশন, মিৎসুই অ্যান্ড কো. এবং কিউশু বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উঠে আসে।

বিনিয়োগ পরিবেশ ও ব্যবসার সম্ভাবনা নিয়ে উপস্থাপনা

অনুষ্ঠানসূচি অনুযায়ী, উদ্বোধনী বক্তা ছিলেন জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা। অতিথি বক্তা হিসেবে ছিলেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক পার্লামেন্টারি ভাইস-মিনিস্টার শিনজি ওয়াকায়ামা।

ব্যবসায়িক অধিবেশনে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থাপনার বিষয় ছিল বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা। ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় অন্তর্ভুক্ত ছিল বিনিয়োগ সহজ করতে সংস্কার ও নতুন উদ্যোগ।

জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক)-এর ঢাকা শাখার ব্রাঞ্চ জেনারেল ম্যানেজার ও কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতোর উপস্থাপনার বিষয় ছিল বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে যৌথ উদ্যোগ।

ওয়াইকেকে করপোরেশনের গ্লোবাল সেলস হেডকোয়ার্টার্সের ভাইস প্রেসিডেন্ট রেইসুকে আরাতানির উপস্থাপনার বিষয় ছিল বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক যাত্রা ও ভবিষ্যৎ সম্ভাবনা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের উপস্থাপনার বিষয় ছিল বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাময় উদীয়মান ব্যবসা।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেট্রো ঢাকা কার্যালয়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুআকি কাতাওকা।

Mahfuzur Rahman

Publisher & Editor