মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম: শবনম ফারিয়া

প্রকাশিত: ০৬:৫১, ২৭ অক্টোবর ২০২৬ | ৭

ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের দায়িত্ববোধ ও মানবিক গুণের প্রশংসা করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়জীবনের শুরুর দিকে ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়ার অনুমতি পেতে তৌসিফের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই স্মৃতিচারণ করেছেন তিনি। ফারিয়ার ভাষ্য, তৌসিফ সঙ্গে থাকলেই কেবল পরিবারের কাছ থেকে শুটিংয়ের অনুমতি পেতেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তৌসিফের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা জানান শবনম ফারিয়া।

পোস্টে তিনি লেখেন, ‘অভিনয় শুরু করার পর, বাসা থেকে ঢাকার বাইরে আমার শুটিংয়ের পারমিশন ছিল না, ফিরতে রাত হতো তাই। শুধুমাত্র তৌসিফ থাকলে আমি পারমিশন পেতাম।’

তৌসিফের দায়িত্বশীলতার আরেকটি স্মৃতি তুলে ধরে ফারিয়া জানান, দেশের বাইরেও প্রথম শুটিংয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তৌসিফ ও সিয়াম সঙ্গে থাকায়। তার ভাষায়, ‘এমনকি দেশের বাইরেও আমার প্রথম শুটিংয়ের পারমিশন পেয়েছিলাম তৌসিফ আর সিয়াম ছিল তাই। ওই বয়সেই তৌসিফ কতটা দায়িত্বশীল হলে আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল!’

তৌসিফের দায়িত্ববোধ যে এখনো একইভাবে সহকর্মীদের কাছে তাকে নির্ভরতার প্রতীক করে রেখেছে, সেটিও উল্লেখ করেছেন শবনম ফারিয়া। তার মতে, তৌসিফ এখন মিডিয়ার অনেকেরই অভিভাবকের মতো।

সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানো এবং আর্থিক প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্যও তৌসিফের প্রশংসা করেছেন ফারিয়া। তিনি লেখেন, ‘অনেকের কাছে শুনি, বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসে তৌসিফ। কারও টাকার দরকার হলেও সবাই জানে, তৌসিফকে কল করলে সে তার যথাসাধ্য চেষ্টা করে সাহায্য করতে।’    

বন্ধুর এমন মানবিক গুণের প্রশংসা করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘তৌসিফ হয়তো আরও অনেক বড় অভিনেতা হবে, কিন্তু ব্যক্তি তৌসিফ অলরেডি অনেক বড় হয়ে গেছে।’

অভিনেতা হিসেবে নির্মাতাদের আস্থা ও দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যক্তিজীবনেও তৌসিফের প্রাপ্তির কথা তুলে ধরেছেন ফারিয়া। তার ভাষ্য, তৌসিফ নির্মাতাদের ভরসার জায়গা হয়ে উঠেছেন, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। পাশাপাশি জারার মতো একজন জীবনসঙ্গী, বাবা-মায়ের যোগ্য সন্তান হওয়ার গৌরব এবং তাদের মতো বন্ধুদের ভালোবাসাও পেয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে বন্ধুর প্রতি গর্ব ও ভালোবাসা প্রকাশ করে তৌসিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া।

Mahfuzur Rahman

Publisher & Editor