সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

‘আমি আলিয়া বা দীপিকা নই’, কেন বললেন রাধিকা আপ্তে?

প্রকাশিত: ০৭:০৩, ২৬ অক্টোবর ২০২৬ | ৭

বলিউডে নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তার মতে, ভালো গল্প, চিত্রনাট্য কিংবা অভিনয় থাকলেই একটি ছবি বক্স অফিসে সফল হবে, এমন নিশ্চয়তা নেই।

বিশেষ করে ছবির কেন্দ্রে কোনো নারী অভিনয়শিল্পী থাকলে সাফল্যের হিসাব আরো জটিল হয়ে ওঠে। এ প্রসঙ্গেই আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের উদাহরণ টেনে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য, নারীপ্রধান ছবির চ্যালেঞ্জ এবং বক্স অফিসের অনিশ্চয়তা নিয়ে সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

রাধিকার মতে, কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, নাকি ওটিটিতে—এসব বিবেচনা করে তিনি কাজ বেছে নেন না।

তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কাজটি যেন দর্শকের কাছে পৌঁছায়। তবে মুক্তির মাধ্যম নির্ধারণের ক্ষেত্রে নানা বাণিজ্যিক হিসাব কাজ করে বলেও মনে করেন তিনি।
বলিউডে বাণিজ্যিক সাফল্যের বিষয়টি বিবেচনায় নিতে গিয়ে পুরুষ চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে মনে করেন রাধিকা। তার মতে, ভালো ছবি তৈরি করলেও সেটি কতটা ব্যবসা করবে, তা আগে থেকে অনুমান করা কঠিন।

আর নারীপ্রধান ছবির ক্ষেত্রে এই অনিশ্চয়তা আরো স্পষ্ট।
এ প্রসঙ্গে রাধিকা বলেন, ‘গত কয়েক বছরে প্রেক্ষাগৃহ মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা দেখলেই বোঝা যাবে,কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না, তা আগে থেকে অনুমান করা কঠিন। খুব ভালো কোনো ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করলেই যে সফল হবে, তার কোনো নিশ্চয়তা নেই।’

এরপরই নিজের সঙ্গে বলিউডের শীর্ষ দুই অভিনেত্রী আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের তুলনা টেনে রাধিকা বলেন, ‘আমি আলিয়া বা দীপিকা নই যে, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই অন্তত বক্সঅফিসে বিপুল আয় করা শুরু করবে। সেজন্যই পুরুষ চরিত্র প্রাধান্য পাচ্ছে, এ রকম ছবিতেই আমাকে কাজ করতে হবে।

‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ ৩’ ও ‘মোনিকা ও মাই ডার্লিং’-এর মতো একাধিক কাজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি মাধ্যমেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। সামনে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আক্কা’তে দেখা যাবে এই অভিনেত্রীকে। 

Mahfuzur Rahman

Publisher & Editor