বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের ড. শাহজাহান খান

প্রকাশিত: ০৬:১৩, ২২ অক্টোবর ২০২৬ | ১৬

অস্ট্রেলিয়ার ইসলামিক কমিউনিটিতে দীর্ঘ সেবা ও বহুসাংস্কৃতিক সম্প্রীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) পদকে ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান ও প্রখ্যাত পরিসংখ্যানবিদ অধ্যাপক ড. শাহজাহান খান। চলতি বছরের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া ডে উপলক্ষে তার এই সম্মাননার খবর ঘোষণা করা হয়। 

গোপালগঞ্জে জন্ম নেওয়া ড. শাহজাহান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে পিএইচডি অর্জন করেন। 

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডে (ইউএসকিউ) ১৯৯৩ সাল থেকে যুক্ত রয়েছেন এবং বর্তমানে প্রতিষ্ঠানটির এমেরিটাস প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্বও পালন করেন। 

একাডেমিক অর্জনের পাশাপাশি অস্ট্রেলিয়ার টুউম্বা শহরে মুসলিম কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় তার ভূমিকা অনন্য। 

১৯৯৪ সালে তিনি ইসলামিক সোসাইটি অব টুউম্বা প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সালে গার্ডেন সিটি মসজিদ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ২০১৫ সালে মসজিদে হামলার মতো প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সাহসিকতার সঙ্গে কমিউনিটির নেতৃত্ব দেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। 

শিক্ষা, গবেষণা এবং কমিউনিটি সেবার এই দীর্ঘ যাত্রার স্বীকৃতিস্বরূপ গত ১৭ সেপ্টেম্বর ব্রিসবেনের গভর্নরস হাউসে কুইন্সল্যান্ডের গভর্নর ড. জ্যানেট ইয়ং তার হাতে এই রাষ্ট্রীয় পদক তুলে দেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor