রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ অক্টোবর ২০২৬ | ১২

সদ্যসমাপ্ত ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ লড়াই করেছে পাল্লা দিয়ে। সেখানে দলটির হয়ে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন শাই হোপ, তাকে যে বাংলাদেশ সফরে আনছে না উইন্ডিজ, সেটা আগেই জানা ছিল। এবার জানা গেল, ভারতকে কাঁপিয়ে দেওয়া আরেক ক্রিকেটারকেও আনছে না দলটি। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন কিমো পল।

তার বদলে বাংলাদেশ সফরের দুই টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিচ্ছেন শামার স্প্রিঙ্গার। দুজনই পেস বোলিং অলরাউন্ডার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, পল ‘ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরবেন’।

কিমো পল সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচ খেলে তুলে নিয়েছিলেন ৮ উইকেট। যার পাঁচটিই এসেছে সিরিজের চতুর্থ ম্যাচে। সেই তাকে এবার বাংলাদেশ সফরে পাচ্ছে না ক্যারিবীয়রা। 

তার বদলে দলে আসা ২৮ বছর বয়সী স্প্রিঙ্গার তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে এখনো টেস্ট অভিষেক হয়নি তার। প্রথম শ্রেণির ২৩ ম্যাচে তিনি ৩২.৫৯ গড়ে ১০৪৩ রান করেছেন। উইকেট নিয়েছেন ৫৮টি, গড় ২৭.৮৭।

পল ছাড়াও এই সফরে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে না ফর্মে থাকা সাদা বলের অধিনায়ক শাই হোপকে। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সরে গেছেন পেসার আলজারি জোসেফও। জোসেফের জায়গায় প্রথমে দলে এসেছিলেন পল।

স্প্রিঙ্গার ও পল দুজনই ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের দলে ছিলেন। শনিবার বেঙ্গালুরুতে সেই সফর শেষ হয়েছে। শেষ টি-টোয়েন্টিটি বৃষ্টিতে ভেসে যায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে হেরেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়।

এখন টেস্ট দল আসবে বাংলাদেশে। সফর শুরু হবে ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। সেটি ২২ থেকে ২৪ অক্টোবর। প্রথম টেস্ট মিরপুরে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর। দ্বিতীয় টেস্ট সিলেটে ৫ থেকে ৯ নভেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ দল:
রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দ্রপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

Mahfuzur Rahman

Publisher & Editor