বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

প্রকাশিত: ০৭:৫২, ০৮ অক্টোবর ২০২৬ | ১৪

বুয়েনস আয়ার্সে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের বর্ণিল জয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্টে এক স্মরনীয় রাত উপহার দিয়েছেন এই মহাতারকা। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী মেসির উদ্দেশ্যে আবেগপ্লুত বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে রোকুজ্জো লেখেন, আর্জেন্টিনা দলের জার্সিতে মেসির ব্যক্তিত্ব, নম্রতা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের কারণেই তিনি বিশ্বজুড়ে মানুষের এত ভালোবাসা ও সম্মান অর্জন করতে পেরেছেন। 

মেসির এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করার পাশাপাশি তিনি মেসিকে ধন্যবাদও জানান। 

আন্তোনেলা লেখেন, ‘কিছু রাত থাকে যা পুরো জীবনের গল্প বলে দেয়। গতকালের রাতটি ছিল তেমনই এক রাত। তোমাকে ঘিরে এত ভালোবাসা, মানুষের অগাধ কৃতজ্ঞতা প্রকাশ দেখতে কী যে সুন্দর লাগছিল! এই ভালোবাসা তোমার নিজের অর্জিত। নিজের ব্যক্তিত্ব, নম্রতা, দেশের প্রতি কমিটমেন্ট আর এই জার্সিটার প্রতি উজাড় করে দেওয়া হৃদয় দিয়ে তুমি এটা গড়েছ।’ 

তিনি আরও যোগ করেন, ‘তোমার পাশে থেকে এই পথ চলার সুযোগ পাওয়াটা বিশাল সৌভাগ্যের। জীবনের এত বড় একটা অধ্যায় তুমি যেভাবে শেষ করলে, তা দেখে সত্যি রোমাঞ্চিত। আমাদের এত কিছু শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ! আমরা তোমাকে অনেক ভালোবাসি, লিও মেসি। সবসময় তোমার পাশে আছি।’

প্রসঙ্গত, মেসির এই বিদায়ী ম্যাচ এবং এর আবহজুড়ে ছিল আবেগঘন মুহূর্ত। 

বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান থেকে শুরু করে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো নিয়ে বিশেষ ড্রোন শো—সবমিলিয়ে এক রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় এই আর্জেন্টাইন জাদুকরকে। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবলে মেসির স্থানও চিরস্মরণীয় হয়ে থাকবে। 

Mahfuzur Rahman

Publisher & Editor