বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

প্রকাশিত: ০৭:৫০, ০৮ অক্টোবর ২০২৬ | ১৭

যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনতে নিজেদের শর্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপদ নৌপথ নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর কথাও জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই  ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের অবস্থান ও শর্ত পরিষ্কারভাবে জানানো হয়েছে। অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে।’

ইরানি এই কর্মকর্তা আরও জানান, ওমানের সঙ্গে পরামর্শ ও আলোচনা ভালোভাবেই এগিয়েছে। দুই দেশ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়েও একমত হয়েছে।

এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান বাঘেই। 

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই আন্তর্জাতিক সংস্থার কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় সেখানে নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে যেকোনো সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: মেহের 

Mahfuzur Rahman

Publisher & Editor