ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে ইদানীং পরিচিত মুখের পাশাপাশি নতুনদের সঙ্গেও জুটি বাঁধতে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারও নতুন এক মুখকে সঙ্গে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন তিনি।
বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামার ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা নীহা চৌধুরী। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
নীহা চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘মডেলিংয়ের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত থাকলেও অভিনয়ের শুরু বলতে পারেন। একক নাটকে এবারই প্রথমবারের মত অভিনয় করেছি।
ক্যামেরার সামনে আগে অনেকবার দাঁড়ালেও এই অভিজ্ঞতাটা একদমই নতুন এবং অন্যরকম। শুরুতে নার্ভাস ছিলাম অনেক। কিন্তু তৌসিফ মাহবুব ভাইয়া এবং পুরো টিমের সহযোগিতায় খুব সুন্দরভাবেই কাজটি শেষ করতে পেরেছি।’
অভিনয়ে নতুন হলেও শোবিজে নীহার পথচলা অবশ্য একেবারে নতুন নয়।
প্রায় আড়াই বছর ধরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত তিনি। এর আগে বিটিভির একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন। তবে একক নাটকে এবারই প্রথম কাজ করলেন। আর প্রথম একক নাটকেই সহশিল্পী হিসেবে পেয়েছেন তৌসিফ মাহবুবকে।
নীহা
তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত নীহা আরো বলেন, ‘কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড।
যার কাজ দেখে বড় হয়েছি সেই প্রথম নাটকেই আমার সহশিল্পী তৌসিফ মাহবুব। এই কারণে আরও বেশি নার্ভাস লাগছিল। তবে তিনি ভীষণ হেল্পফুল অ্যান্ড ডাউন টু আর্থ। আমার তো মনে হয়েছিল যেহেতু তারকা তিনি স্টারডম দেখাবেন। কিন্তু একদমই তা হয়নি। পুরো কাজে তিনি আমাকে সংলাপ বলা থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, কোনটা কীভাবে করলে ভালো হবে। উনি অনেক সাপোর্টিভ। উনার মত সহশিল্পী থাকার কারণে অল্পসময়েই সেই নার্ভাসনেস কেটে গেছে। এখন অপেক্ষায় আছি কাজটি রিলিজ হলে দর্শক কীভাবে গ্রহণ করে সেটা দেখার। সুযোগ থাকলে সামনে আবারও উনার সঙ্গে কাজ করতে চাই।’
অভিনয়ের অভিজ্ঞতা উপভোগ করেছেন নীহা। মডেলিংয়ের পাশাপাশি এখন অভিনয়েও নিয়মিত হতে চান তিনি। অভিনয়কে পেশা হিসেবে সামনে এগিয়ে নিতে ইতিমধ্যে প্রাচ্যনাট্যে যুক্ত হয়ে ছয় মাসের একটি কোর্সও শেষ করেছেন।
নতুনদের সঙ্গে কাজের প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘এক সময় আমিও নতুন ছিলাম। আমাদেরকেও যদি সেসময় সুযোগ না দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই অবস্থানে আসতে পারতাম না। নতুনদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে। নীহা অভিনয়ে নতুন হলেও আগে থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত। সেদিক থেকে ওর জন্য অনেক বেশি কঠিন ছিল না। কোন কিছু দেখিয়ে দিলে সেটা সহজেই আয়ত্তে নিয়ে আসে। যদি মনযোগ দিয়ে কাজ করে তাহলে ওর মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা আছে।’
গোপালগঞ্জে জন্ম নীহার, বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। ২০২৪ সালের শুরুর দিকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু তার। এরই মধ্যে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন নীহা। মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটরও।
জানা গেছে, আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ছুঁয়ে দিলাম তোমায়’ নাটকটি।
Publisher & Editor