প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক হাসান খান। চোটের কারণে পেসার আলী খান ছিটকে যাওয়ায় তার পরিবর্তে ২৭ বছর বয়সি এই অলরাউন্ডারকে দলে নেওয়া হয়েছে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়াকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন হাসান। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের সামনে এবার সেই সুযোগ তৈরি হয়েছে।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান। ওই দলের সদস্য ছিলেন পরবর্তীতে পাকিস্তান জাতীয় দলে খেলা শাহীন শাহ আফ্রিদি ও মুসা খানও। তবে বয়সভিত্তিক পর্যায়ে সাফল্যের পর হাসানের আর পাকিস্তানের জাতীয় দলে জায়গা হয়নি।
পাকিস্তানে সুযোগ না পাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হাসান। সেখানে ঘরোয়া ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারও জেতেন এই অলরাউন্ডার। পরের মৌসুমেও ব্যাট হাতে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পরবর্তীতে বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও খেলার সুযোগ পান হাসান। ২০২৬ সালে পাকিস্তান সুপার লিগে ফিরেও হায়দরাবাদ কিংসমেনের হয়ে খেলেছেন তিনি।
Publisher & Editor