বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা!

প্রকাশিত: ০১:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে না পারাকে কেন্দ্র করে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় তাকে হেনস্তার চেষ্টা এবং তার ছেলের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজে কয়েকজনকে উত্তেজিত অবস্থায় শামা ওবায়েদকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলতে দেখা যায়। ভিডিওতে পেছন থেকে একজনকে তাকে মারার কথা বলতেও শোনা যায়। এ সময় শামা ওবায়েদ লিফটের ভেতরে ছিলেন বলে ভিডিও-সংশ্লিষ্ট বর্ণনায় জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার ছেলে এগিয়ে এসে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা এইটা।’ এরপর কয়েকজনের সঙ্গে তার ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়। ঘটনার শেষদিকে এক নারীকে তার ছেলেকে পেছন থেকে ধাক্কা দিতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে ভিডিওতে ধারণ করা দৃশ্যের বাইরে ঘটনার পুরো প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলীয় নেতা-কর্মীরা শহরটিতে আসেন। তাদের অনেকেই দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের প্রত্যাশায় গ্র্যান্ড হায়াত হোটেলের আশপাশে জড়ো হন।

কিন্তু শেষ পর্যন্ত বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের ভাষ্য অনুযায়ী, সাক্ষাৎপ্রক্রিয়া ঘিরে সমন্বয় ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষও তৈরি হয়।

দূর-দূরান্ত থেকে আসা অনেক নেতা-কর্মী দীর্ঘ সময় অপেক্ষা করেও সাক্ষাৎ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। এ পরিস্থিতির মধ্যেই শামা ওবায়েদকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটে।

দলীয় প্রধানের নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের প্রত্যাশা ছিল দীর্ঘদিন পর সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা জানানোর। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় শেষপর্যন্ত সফর ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি ক্ষোভ ও হতাশার ঘটনাও সামনে এসেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor