বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসে ‘সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ করবে ভারতের এসার গ্রুপ

প্রকাশিত: ০১:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২০

যুক্তরাষ্ট্রে ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ভারতের শিল্পগোষ্ঠী এসার গ্রুপ। এর মধ্যে ১৫ বিলিয়ন ডলার ব্যয়ে আইওয়া অঙ্গরাজ্যে একটি ইস্পাত কারখানা নির্মাণ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ইস্পাত কারখানা।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিনিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। অনুষ্ঠানে এসার গ্রুপের মালিক রুইয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসার গ্রুপের মার্কিন সহযোগী প্রতিষ্ঠান মেসাবি মেটালিকস কারখানাটি নির্মাণ করবে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল থেকে সেখানে ইস্পাত উৎপাদন শুরু হতে পারে। কারখানাটি পুরোপুরি চালু হলে বছরে প্রায় এক কোটি টন ইস্পাত উৎপাদনের সক্ষমতা থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে, ইস্পাত উৎপাদনের পুরো প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের ভেতরেই সম্পন্ন হবে।

নতুন কারখানার জন্য প্রয়োজনীয় লৌহ আকরিক আসবে মিনেসোটায় মেসাবি মেটালিকসের খনি থেকে। ফলে খনি থেকে কাঁচামাল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং ইস্পাত উৎপাদন-পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত সরবরাহব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মেসাবি মেটালিকসের সদর দপ্তর মিনেসোটার নাশওয়াকে। প্রতিষ্ঠানটি ২০০৭ সাল থেকে সেখানে কার্যক্রম চালাচ্ছে। ওই বছর প্রতিষ্ঠানটি মিনেসোটা স্টিল অধিগ্রহণ করে। মেসাবি মেটালিকসের নিয়ন্ত্রণে ১৪০ কোটি টনের বেশি লৌহ আকরিকের মজুত রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। নতুন ইস্পাত কারখানায় এসব সম্পদ কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পের পুনরুত্থানের কথা বলেন। আমদানি করা ইস্পাতের ওপর গত বছর আরোপ করা ৫০ শতাংশ শুল্কের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, শুল্ক এড়াতে বিভিন্ন কোম্পানি যুক্তরাষ্ট্রেই কারখানা স্থাপনে আগ্রহী হচ্ছে।

মেসাবি মেটালিকসের চেয়ারম্যান রেওয়ান্ত রুইয়া ট্রাম্প প্রশাসনের দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের গুরুত্ব ফিরিয়ে আনার উদ্যোগের জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

আইওয়ায় এসারের বড় বিনিয়োগের ঘোষণা এমন সময়ে এল, যখন রাজ্যটি মার্কিন রাজনীতিতে রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে আইওয়ায় বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ইস্পাত কারখানার ঘোষণা দেওয়া অনুষ্ঠানে রিপাবলিকান দলের কয়েকজন নির্বাচনী প্রার্থীও উপস্থিত ছিলেন। ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি আইওয়ায় একটি বড় সমাবেশ করবেন।

১৯৬৯ সালে শশী রুইয়া ও রবি রুইয়া দুই ভাই মিলে এসার গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে জ্বালানি, খনন, প্রযুক্তি ও খুচরা ব্যবসাসহ বিভিন্ন খাতে কার্যক্রম রয়েছে ভারতের এই শিল্পগোষ্ঠীর।

ভারতে এসারের বড় সম্পদের মধ্যে রয়েছে গুজরাটের হাজিরায় একটি ইস্পাত কারখানা। গুজরাটের ভাদিনারে প্রতিষ্ঠানটির একটি বড় তেল শোধনাগারও রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে শেলের স্ট্যানলো রিফাইনারি অধিগ্রহণ করেছে এসার। সৌদি আরবেও কম কার্বন নিঃসরণকারী ইস্পাত কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Mahfuzur Rahman

Publisher & Editor