সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

২০ মাস পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন মুর্শিদা

প্রকাশিত: ০২:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ৮

এশিয়ান গেমসেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ভারতের বিপক্ষে হতাশাজনকভাবে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরেছে নারী দল। তাদের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ায়, আগামী ৩ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ খেলবে তারা।

এর আগে আজ (সোমবার) নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বিকাল ৩টায় বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। উপস্থিত থাকবেন নারী বিভাগের চেয়ারম্যানও। এরপর চূড়ান্ত হবে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড। যদিও ঢাকা পোস্ট জানতে পেরেছে, দল চূড়ান্ত। 

অস্ট্রেলিয়ার বিমানে উঠছেন ১৬ ক্রিকেটার। নতুন করে ২০ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন মুর্শিদা খাতুন। টাইগ্রেস এই ওপেনার বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে সবশেষ ২০২৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে শেষ ম্যাচ খেলেন। এরপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। 

মাঝে বিসিবির কোনো বিভাগেই দেখা যায়নি ২৭ বছর বয়সী ওপেনার মুর্শিদাকে। তবে সম্প্রতি ২০২৬ সালের জুলাই-আগস্ট মাসে তিনি বাংলাদেশ ইমার্জিং নারী দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে খেলেছেন। সেখানে বেশ ভালো করার ফলে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor