সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আরেকটি বিশ্ব শিরোপা জিতল স্পেন

প্রকাশিত: ০২:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ৮

বিশ্ব ফুটবলে স্পেনের দাপট অব্যাহত রয়েছে। ছেলেদের সঙ্গে সমানতালে সাফল্য পাচ্ছে নারী দল। গতকাল (রোববার) পোল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়েছে স্পেন।

ফাইনাল ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়েও গোলের মুখ দেখা যায়নি। পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয়  ম্যাচের ফলাফল। গোলকিপার লাইয়া লোপেজের দুটি সেভের সৌজন্যে পেনাল্টি শুটআউটে স্পেন ৪-৩ গোলে জেতে।

লোদজে বসে এদিন ফাইনাল দেখছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। স্পেন ডিফেন্ডার সিলভিয়া ক্রিস্টোবাল বলেন, ‘আমি মনে করি এটা আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। ছোটবেলা থেকেই আমরা এখানে আসার এবং এই বহু প্রতীক্ষিত ট্রফিটা হাতে তোলার স্বপ্ন দেখে এসেছি।’

গত দুই আসরের বিজয়ী দল মুখোমুখি হয়েছিল এবারের ফাইনালে। ২০২২ সালে জাপানকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল স্পেন। আর দুই বছর আগে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল উত্তর কোরিয়া।

২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ফাইনালে খেলা বেশ কয়েকজন খেলোয়াড় এই ম্যাচে অংশ নিয়েছিল। সেই প্রতিযোগিতায় উত্তর কোরিয়ার কাছে পেনাল্টিতে হারের শোধ এবার কড়ায়-গণ্ডায় তুলে নিলো স্পেন।

রোববারের সাফল্যে নারীদের ফুটবলে স্পেনের সাম্প্রতিক আধিপত্য বজায় থাকল। দেশটি গত চার বছরে দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও একটি সিনিয়র বিশ্বকাপ শিরোপা জিতেছে। পুরুষ ফুটবলেও রয়েছে একই সাফল্যের প্রতিফলন। তারা বর্তমান বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন। 

পুরো টুর্নামেন্টে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করেও শিরোপা হাতছাড়া করল উত্তর কোরিয়া। তাদের কোচ হান চোল-হাক বলেছেন, ‘আমাদের সব খেলোয়াড়রা কাঁদছিল এবং আমার হৃদয় সত্যি ভেঙে গেছে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। প্রধান কোচ হিসেবে আমি মনে করি তারা তাদের সেরাটা দিয়েছে। তাই আমি তাদের নিয়ে গর্বিত।’

Mahfuzur Rahman

Publisher & Editor