সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

টসের ১৬ মিনিট আগেই সেমিফাইনালে ভারত, আফগানিস্তানের বিদায়

প্রকাশিত: ০২:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সোমবার ভারত ও আফগানিস্তানের ম্যাচও একই ভাগ্য বরণ করল।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত-আফগানিস্তান ম্যাচও। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ভারত আফগানিস্তানের চেয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় উঠে গেছে সেমিফাইনালে।

বৃহস্পতিবার পাকিস্তান সেমিফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে নেপাল ও শ্রীলঙ্কার তৃতীয় কোয়ার্টার ফাইনাল শেষে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা উঠে যাবে সেমিফাইনালে। শেষ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশও একইভাবে এগিয়ে থাকবে।

নিশিনের পুরোটা দিন অবিরাম বৃষ্টির কারণে টসের জন্য নির্ধারিত সময়ের ১৬ মিনিট আগে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারী বৃষ্টিতে মাঠের অধিকাংশ জায়গা কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

এনিয়ে টানা দ্বিতীয়বার বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়ে আফগানিস্তানের এশিয়ান গেমস শেষ হলো। ২০২৩ সালে হাংঝুতে ফাইনালে ১৮.২ ওভারের প্রথম ইনিংস শেষে ম্যাচ পরিত্যক্ত হলে রৌপ্য পায় আফগানরা।

শীর্ষ বাছাই হিসেবে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান সঙ্গে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়।

Mahfuzur Rahman

Publisher & Editor