শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুর—তিন তারকাকে একসঙ্গে সিনেমায় দেখতে চান ভক্তরা। এবার একটি নতুন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেল এই তিন বলিউড তারকাকে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুংটা স্টিলের নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন শাহরুখ, আলিয়া ও রণবীর। বিজ্ঞাপনের শুরুতে অভিনেতা বিজেন্দ্র কালা তিন তারকাকে নিয়ে একটি মজার পরিকল্পনা করেন।
সেখানে তাঁদের অক্ষয় কুমারের জনপ্রিয় ‘হুক্কা বার’ গানের সঙ্গে নাচানোর কথা বলা হয়।
তবে এই পরিকল্পনা তিন তারকার কারো পছন্দ হয় না। এরপর তাঁরা নিজেদের সিনেমার গল্প ও সংলাপের আদলে বিজ্ঞাপনের আইডিয়া দিতে শুরু করেন।
শাহরুখ প্রথমে তার জনপ্রিয় ‘ডন’ সিনেমার সংলাপের আদলে বলেন, ‘ডনকে ১২ দেশের পুলিশ ঘিরে রেখেছে, কিন্তু তার বাড়ি ভাঙতে পারছে না, কারণ সেটি রুংটা টিএমটি বারে তৈরি।
শাহরুখের এই কথার পর রণবীর মজা করে বলেন, ‘এই বিজ্ঞাপন সহ্য করা কঠিনই নয়, অসম্ভব।’ এরপর নিজের ‘রকস্টার’ সিনেমার কথা মনে করিয়ে একটি বিজ্ঞাপনের গল্প বলেন তিনি।
এরপর আলিয়াও তার সিনেমা ‘জিগরা’র প্রসঙ্গ টেনে একটি আইডিয়া দেন। তার গল্পে এক মেয়ের ভাই জেলে রয়েছে। কিন্তু জেলটি টিএমটি বারে তৈরি হওয়ায় মেয়েটি সেটি ভাঙতে পারছে না।
আলিয়ার এই আইডিয়া শুনে শাহরুখ মজা করে বলেন, ‘এটা দেখার জিগরা কারও নেই।’
শেষ পর্যন্ত অবশ্য তিন তারকাকেই অক্ষয় কুমারের ‘হুক্কা বার’ গানের সঙ্গে নাচতে দেখা যায়।
বিজ্ঞাপনটি প্রকাশের পর ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তিন তারকার রসায়নের প্রশংসা করেছেন। কেউ কেউ সরাসরি তাদের একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করানোর দাবি জানিয়েছেন।
এর আগে শাহরুখ ও আলিয়া ২০১৬ সালের ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তবে শাহরুখ ও রণবীরকে এখনো কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। তাই নতুন বিজ্ঞাপনে তিনজনকে একসঙ্গে দেখে আবারও তাদের বড় পর্দায় একসঙ্গে দেখার দাবি তুলেছেন ভক্তরা।
Publisher & Editor