বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বর্ষায় হাওর

প্রকাশিত: ০৭:২০, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২

নীলাকাশ নেমে আসে হাওরের জলে

রোদে-মেঘে সারা দিন লুকোচুরি চলে।

নৌকার সারি যায় দূরে ভেসে ভেসে

বাতাসের ঢেউগুলো দোলা দেয় হেসে।


পানিতে সোনালি-লাল মোহময় আভা

কী বিশাল জলরাশি যায় নাকি ভাবা?

হিজল করচ গাছ গলাজলে ডুবে

মাঝে মাঝে উঁকি দেয় পশ্চিমে, পুবে।


শাপলা শালুক ফোটে হাওরে ও বিলে

হাজারো মাছের মেলা বর্ষাতে মেলে।

সাদা বক কানি বক জলচর পাখি

নলখাগড়ার বনে কত মাখামাখি!


কালো মেঘ মুখ দেখে হাওরের বুকে

মেঘেদের দল দূর সীমানায় ঝুঁকে।

বর্ষা হাওর মিলে বাংলার ছবি

মাঝি ধরে গান আর ছড়া লেখে কবি।

Mahfuzur Rahman

Publisher & Editor