বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির সমাবেশ

প্রকাশিত: ০৭:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সমবেত হন যুক্তরাষ্ট্র বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট JFK বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। বিমানবন্দরে বাংলাদেশের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম তাঁকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে অবস্থান নেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও মোটরকেডে বিমানবন্দর ত্যাগের সময় উপস্থিত নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় তারেক রহমানের সফরকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর একাধিক প্রস্তুতি সভা, মিছিল ও স্বাগত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের একটি অংশও অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর তিনি ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক এবং একাধিক উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনকে ঘিরে বাংলাদেশি-অধ্যুষিত এলাকাগুলোতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সময়ে তাঁর সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পক্ষের পৃথক কর্মসূচিও পালিত হচ্ছে।

Mahfuzur Rahman

Publisher & Editor