সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কনসার্টে কাঁদলেন এড শিরান, বললেন গাজা পরিস্থিতি ‘বিপর্যয়কর’

প্রকাশিত: ০৬:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২৬ |

গাজা ইস্যুতে র‍্যাপার ম্যাকলমোরকে সংগীত সফর থেকে বাদ দেওয়ার বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টের শুরুতে কেঁদে ফেলেছেন ব্রিটিশ গায়ক এড শিরান। এ সময় গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘বিপর্যয়কর, অসমর্থনযোগ্য’ বলে উল্লেখ করে নিজের কিছু ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।

শনিবার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের শুরুতে শিরান বলেন, তিনি কখনো রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হতে চাননি। তবে বর্তমান পরিস্থিতি তাকে মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশ্বের জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলার জায়গায় নিয়ে এসেছে।

তিনি বলেন, ইসরাইলে ৭ অক্টোবরের হামলা এবং নোভা সংগীত উৎসবের ঘটনা ভয়াবহ ছিল। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ব্যাপকতা দেখে তার হৃদয় ভেঙে গেছে। পশ্চিম তীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ও উপেক্ষা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় অনুষ্ঠানস্থলের মালিকদের ভূমিকা নিয়েও উদ্বেগ জানান শিরান। তার ভাষায়, মুক্ত বিশ্বে কোনো অনুষ্ঠানস্থল আগে থেকেই শিল্পীর বক্তব্য বা বিষয়বস্তু অনুমোদন করবে, এমনটা হওয়া উচিত নয়।

ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে সফরের কয়েকজন সহশিল্পী সরে দাঁড়ানোয় শিরানের ফিলাডেলফিয়ার অনুষ্ঠানও প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে যায়। পরে ব্যাকিং ব্যান্ড ছাড়াই তিনি অনুষ্ঠান শুরু করেন।

প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান শেষে শিরান বলেন, গত কয়েক দিন ছিল তার জীবনের সবচেয়ে খারাপ সপ্তাহগুলোর অন্যতম। গাজা নিয়ে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য সন্তানসহ পরিবারগুলোর কাছেও ক্ষমা চান তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Mahfuzur Rahman

Publisher & Editor