মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’

প্রকাশিত: ০৭:০২, ০৮ সেপ্টেম্বর ২০২৬ |

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির খবর পেলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা 'দ্য ইনবিটুইনার্স' সিরিজের ভক্তরা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও একফ্রেমে বন্দি হতে যাচ্ছেন উইল, জয়, নীল ও সাইমন। জনপ্রিয় এই ব্রিটিশ কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়,ইতোমধ্যেই নতুন এই কিস্তির শুটিয়ের কাজ শুরু হয়ে গেছে। দর্শকদের পুরনো স্মৃতি ফিরিয়ে দিতে আগের চার প্রধান চরিত্রেই ফিরছেন মূল অভিনয়শিল্পীরা। ফলে পর্দায় সাইমন বার্ড, জেমস বাকলি, ব্লেক হ্যারিসন ও জো থমাসকে আবারও একসূত্রে গাঁথা দেখতে পাবেন দর্শকরা। 

তবে পার্শ্ববর্তী চরিত্রগুলোতে কারা অভিনয় করছেন, তা কৌশলগত কারণেই এখনো গোপন রেখেছে নেটফ্লিক্স। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত সিনেমার এক বিশেষ টিজার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। যেখানে চার বন্ধুকে আবারও সেই আইকনিক হলুদ রঙের ফিয়াট গাড়িতে চড়তে দেখা গেছে। মজার এই ভিডিওটি দেখার পর ভক্তদের মধ্যে উন্মাদনা আরও বহুগুণ বেড়ে গেছে।

২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ই-ফোর চ্যানেলে প্রচারিত এই সিরিজটি কিশোর বয়সের বন্ধুত্ব, জটিলতা ও নিখাদ হাস্যরসের কারণে বিশ্বজুড়ে দারুণ পরিচিতি পায়। পরবর্তীতে নানা ছোট ছোট ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নতুন প্রজন্মের কাছেও এটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।

এর আগে ২০১১ ও ২০১৪ সালে 'ফিল্ম-ফোর'-এর ব্যানারে এই ফ্র্যাঞ্চাইজির দুটি সিক্যুয়াল সিনেমা মুক্তি পেয়েছিল। যার প্রথমটিতে গ্রিসের ক্রিট দ্বীপ এবং দ্বিতীয়টিতে তাদের অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর সফর ফুটিয়ে তোলা হয়। মুক্তির পর দুটি সিনেমাই বক্স অফিসে ব্যবসায়িক রেকর্ড গড়েছিল।

নতুন সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ফিরছেন মূল স্রষ্টা ড্যামন বিসলি এবং ইয়েন মরিস। পুরোনো বন্ধুদের নিয়ে নতুন করে কাজ শুরু করতে পেরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই পরিচালক। দর্শকদের মন জয় করতে তারা একটি চমৎকার গল্প উপহার দেওয়ার জন্য মনপ্রাণ দিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor