তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রাতে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, রুশ বাহিনী ড্রোন দিয়ে বোরিসপিল ও ফাস্তিভ জেলায় হামলা চালিয়েছে। এসব এলাকা কিয়েভ অঞ্চলের মধ্যে অবস্থিত। হামলার আশঙ্কায় কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসও জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা করা তিন দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়ে গেছে। এর পরই কিয়েভে নতুন করে হামলার খবর পাওয়া গেল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন সফর করেন। তারা দুই দেশের রাজধানী মস্কো ও কিয়েভে গিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন।
এই সফরের সময় কিয়েভে রুশ হামলা তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন পুতিন। যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার পরই ইউক্রেনে আবার হামলা শুরু হওয়ার খবর পাওয়া গেল।
এর মধ্যেই ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ। তার এই বক্তব্যের পর রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কিয়েভে নতুন করে রুশ ড্রোন হামলার ঘটনা শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা বাড়াতে পারে। এদিকে হামলার পর ইউক্রেনের কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার এবং বিমান হামলার সতর্কতা চলাকালে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।
Publisher & Editor