মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক

প্রকাশিত: ০২:০৪, ০৮ সেপ্টেম্বর ২০২৬ |

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে নতুন পেমেন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে সব ধরনের ফি শুধুমাত্র ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।

গত ১ জুলাই বুধবার নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কনস্যুলেটে সরাসরি সেবা নিতে আসা প্রবাসীদের সঙ্গে অবশ্যই নিজস্ব বৈধ ও সক্রিয় ডেবিট অথবা ক্রেডিট কার্ড রাখতে হবে। একই সঙ্গে স্বশরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে নগদ অর্থ, মানি অর্ডার এবং ব্যাংক সার্টিফায়েড চেকের মাধ্যমে ফি পরিশোধের সুযোগ বন্ধ হয়ে যাবে।

কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়াকে আরও নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে জবাবদিহিতা বাড়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য অর্থ পরিশোধের প্রক্রিয়াও আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

তবে নতুন নিয়মটি ডাকযোগে (By Mail) আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডাকযোগে কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে বর্তমান পেমেন্ট পদ্ধতিই বহাল থাকবে।

অর্থাৎ, ডাকযোগে পাঠানো আবেদনের ফি আগের মতোই মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফায়েড চেকের মাধ্যমে পরিশোধ করা যাবে।

কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে স্বশরীরে সেবা গ্রহণকারী এবং ডাকযোগে আবেদনকারীদের জন্য পেমেন্ট পদ্ধতির এই পার্থক্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

১ অক্টোবর থেকে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার কারণে কনস্যুলারে সরাসরি সেবা নিতে ইচ্ছুক প্রবাসীদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে, সেবা গ্রহণের দিন বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে না থাকলে নির্ধারিত ফি পরিশোধে জটিলতা তৈরি হতে পারে।

কনস্যুলেট কর্তৃপক্ষ বলেছে, নিউইয়র্কসহ সংশ্লিষ্ট সকল প্রবাসী বাংলাদেশির সহযোগিতায় নতুন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রবাসীদের আরও দক্ষ, সময়োপযোগী ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সেবা, ফি ও নতুন পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রবাসীদের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের অফিসিয়াল ওয়েবসাইট অথবা কনস্যুলেটের নির্ধারিত যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor