কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। অ্যালবামের নতুন সংগীতায়োজন নিয়ে শ্রোতা-ভক্তদের একাংশের তীব্র আপত্তি ও সমালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘উত্তরাধিকার’ প্রজেক্টটি। এরপর অ্যালবামের কয়েকটি গান প্রকাশ্যে আসতেই নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে বাচ্চুভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত তাঁদের আপত্তির মুখেই প্রজেক্টটির নতুন গান প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত সব অংশীজনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত চারটি গান প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি অপ্রকাশিত ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।
এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, ‘বস (আইয়ুব বাচ্চু) সবার কাছে একটা আবেগের ব্যাপার। তাঁর কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন।
শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাঁদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল করা হবে। তারপর গানগুলো তাঁরা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে।’
আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও প্রজেক্টটি আপাতত স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন।
তাঁদের ভাষ্য, আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তাঁরা তাঁর গানগুলো নতুন করে পরিবেশন করেছেন।
এর পেছনে তাঁদের ব্যক্তিগত কোনো অর্থনৈতিক লাভের উদ্দেশ্য ছিল না।
শিল্পী ও কলাকুশলীদের মতে, গান ভালো না লাগলে সেটির সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে আইয়ুব বাচ্চুর গান অন্য কেউ গাইতে পারবেন না—এমন মানসিকতাকে তাঁরা উগ্রবাদী আচরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ অ্যালবামের সাতটি গান এরই মধ্যে শ্রোতাদের সামনে এসেছে। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’।
এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়েছে।
Publisher & Editor