বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মেজাজ হারালেন কারিনা, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ অভিনেত্রীকে

প্রকাশিত: ০৭:১৯, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫

পাপারাৎসিদের সঙ্গে বলিউড তারকাদের সম্পর্ক যে সব সময় মসৃণ নয়, তার প্রমাণ প্রায়ই মেলে। এবার পাপারাৎসিদের আবদারে বিরক্ত হয়ে মেজাজ হারিয়ে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে অভিনেত্রীকে কটাক্ষ করে অনেকেই তুলনা টেনেছেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে।
পাপারাৎসিদের দেখলেই বিরক্তি প্রকাশ করার জন্য বলিউডে বেশ পরিচিত জয়া বচ্চন। ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা একের পর এক পোজ দেওয়ার আবদার বরাবরই খুব একটা পছন্দ করেন না তিনি। এ কারণে বহুবার সমালোচনার মুখেও পড়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

তবে সমালোচনাকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের অবস্থানেই অনড় থেকেছেন জয়া।
এবার নেটিজেনদের একাংশের দাবি, বলিউডে যেন ‘দ্বিতীয় জয়া বচ্চন’-এর দেখা মিলেছে। আর সেই তকমা দেওয়া হচ্ছে নবাব পরিবারের বধূ কারিনা কাপুর খানকে।

সম্প্রতি কারিনার নতুন সিনেমা ‘দায়রা’র ট্রেলার লঞ্চের কয়েকটি ভিডিও ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যায়, পাপারাৎসিরা অভিনেত্রীকে বিভিন্ন ভঙ্গিতে পোজ দেওয়ার অনুরোধ করছেন। শুরুতে তাঁদের আবদারে সাড়া দিয়ে একাধিকবার এদিক-ওদিক গিয়ে ক্যামেরার সামনে পোজ দেন কারিনা।
তবে বেশ কয়েকটি অ্যাঙ্গেলে ছবি তোলার পরই তাঁর মুখে স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির ছাপ। একপর্যায়ে নিজের জুতার দিকে ইশারা করে পাপারাৎসিদের বোঝানোর চেষ্টা করেন, তিনি হিল পরেছেন। ফলে বারবার জায়গা বদলে ছবি তোলা তাঁর জন্য অস্বস্তিকর হয়ে উঠছে।

ভাইরাল ভিডিওতে কারিনাকে বলতে শোনা যায়, ‘হিলস পরেছি।’

এরপরও পাপারাৎসিদের কয়েকজন আরও ছবি তোলার জন্য জায়গা পরিবর্তনের অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে ধৈর্য হারিয়ে ফেলেন অভিনেত্রী। কিছুটা চড়া সুরে তিনি বলেন, ‘কখনো এদিকে কখনো ওদিকে, হিলস পরেছি।’

কারিনার এই আচরণের ভিডিও সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ অভিনেত্রীর বিরক্তিকে স্বাভাবিক বলে মনে করলেও, নেটিজেনদের একাংশ তাঁর আচরণের সঙ্গে জয়া বচ্চনের স্বভাবের মিল খুঁজে পেয়েছেন।

এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘জয়া বচ্চনের বোন।’

অপর একজনের রসিক মন্তব্য, ‘আরেক জয়া বচ্চন আসছে।’

আবার কেউ কেউ কারিনাকে কটাক্ষ করে লিখেছেন, ‘বয়সের প্রভাব।’

অবশ্য পাপারাৎসিদের নিয়ে কারিনার বিরক্তি প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। সম্প্রতি তাঁর তৃতীয় গর্ভাবস্থা নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। সেই সময় পাপারাৎসিদের উদ্দেশে মজার ছলে অভিনেত্রী বলেছিলেন, ‘তোমরা আমাকে পাগল করে দেবে।’

এদিকে ‘দায়রা’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে কারিনাকে।

Mahfuzur Rahman

Publisher & Editor