বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল কি আবার ব্যবহার করা নিরাপদ?

প্রকাশিত: ০৬:২৬, ৩১ আগস্ট ২০২৬ | ১৭

পানি খাওয়ার পর প্লাস্টিকের বোতলটি ফেলে না দিয়ে আবার পানি ভরে খাওয়া এমনটা করেন অনেকেই। সুবিধা, খরচ বাঁচানো কিংবা প্লাস্টিকের অপচয় কমানোর জন্য একবারের বোতল বারবার ব্যবহার করা এখন বেশ পরিচিত অভ্যাস।

কিন্তু প্রশ্ন হলো, এভাবে বোতল পুনরায় ব্যবহার করলে স্বাস্থ্যের কোনো ঝুঁকি তৈরি হয় কি? খবর ইটিংওয়েল
বিশ্বজুড়ে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয় প্রায় ১৩০ কোটি বোতল প্রতিদিন। এর একটি বড় অংশ আবার মানুষ নিয়মিত পানি ভরে ব্যবহার করেন। খাদ্য-নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার ও অক্ষত প্লাস্টিকের বোতলে নিরাপদ পানি একবার বা মাঝে মাঝে ভরে খেলে সাধারণত বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি নেই।

ন্যাশনাল এনভায়রনমেন্টাল হেলথ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ খাদ্য-নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যাশলি সি. মিলার বলেন, পরিষ্কার ও ক্ষতিহীন বোতলে নিরাপদ পানীয় পানি একবার বা মাঝে মাঝে পুনরায় ভরা বড় ধরনের খাদ্য-নিরাপত্তা ঝুঁকি তৈরি করার সম্ভাবনা কম।

তবে বোতলে আঁচড়, খাঁজ বা ক্ষত থাকলে বিষয়টি বদলে যেতে পারে। মিলারের মতে, এসব জায়গা পরিষ্কার করা কঠিন এবং সেখানে জীবাণু আটকে গিয়ে পাতলা একটি জীবাণুস্তর তৈরি করতে পারে, যা শুধু পানি দিয়ে ধুলে পুরোপুরি দূর নাও হতে পারে।

পানির বদলে দুধ বা জুস ভরলে?
প্লাস্টিকের বোতলে শুধু পরিষ্কার পানি রাখাই সবচেয়ে নিরাপদ। নেভাডা বিশ্ববিদ্যালয়, লাস ভেগাসের মহামারি ও জীবপরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ব্রায়ান ল্যাবাস বলেন, চিনি সমৃদ্ধ কোনো পানীয় বোতলে দিলে সেখানে থাকা জীবাণু দ্রুত বংশবিস্তার করার সুযোগ পায়।

তাই দুধ, জুস বা কোমল পানীয় বোতলে ভরে রেখে দিলে বোতলের ভেতরে বা ঢাকনার আশপাশে দ্রুত জীবাণু বাড়তে পারে। বিশেষ করে গরম পরিবেশে এসব পচনশীল পানীয় রেখে পান করা ঝুঁকিপূর্ণ।

বোতল পরিষ্কার রাখা
শুধু বোতল পরিষ্কার রাখলেই হবে না, বোতল ধরার আগে হাতও পরিষ্কার রাখা জরুরি। কারণ প্রতিবার বোতল থেকে পানি খাওয়ার সময় মুখের জীবাণু বোতলের ভেতরে চলে যেতে পারে। হাত থেকেও ঢাকনা ও বোতলের মুখে জীবাণু ছড়াতে পারে।

আর্দ্রতা, উষ্ণতা, খাবারের অবশিষ্টাংশ এবং সময় এই পরিবেশ পেলে জীবাণু দ্রুত বাড়তে পারে। তাই গরম পানি ও সাবান দিয়ে হাত ও বোতল ভালোভাবে পরিষ্কার করা জীবাণুর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
এ ছাড়া বোতলের অবস্থার দিকেও নজর রাখা জরুরি। একবার ব্যবহারের এসব বোতল সাধারণত পাতলা পলিইথিলিন টেরেফথালেট (পিইটি) প্লাস্টিক দিয়ে তৈরি হয়। দীর্ঘদিনের ব্যবহার ও ঘষামাজার জন্য এগুলো তৈরি নয়। বোতলে ফাটল, আঁচড় বা অন্য কোনো ক্ষতি দেখা দিলে সেটি ফেলে দেয়াই ভালো।

একবারের প্লাস্টিকের বোতল পানি দিয়ে পুনরায় ব্যবহার করা সব সময় বিপজ্জনক নয়। তবে নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বোতল ক্ষতিগ্রস্ত হলে তা আর ব্যবহার না করাই নিরাপদ।

Mahfuzur Rahman

Publisher & Editor