মার্ভেল যখন উলভারিনের নতুন গেম দিয়ে তাদের সিঙ্গেল-প্লেয়ার গেমে বড় ধরনের ফেরার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নজর কেড়েছে আরো এক সুপারহিরো—আয়রন ম্যান। ২০২২ সালে ঘোষণা দেওয়ার পর থেকে ইএ ও মোটিভ স্টুডিওর এই প্রজেক্টটি নিয়ে তেমন কোনো খবর ছিল না।
তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গেমটির একটি ট্রেলার ফাঁস হয়ে বিশ্বজুড়ে গেমারদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
প্রকাশ হওয়া ভিডিওটিতে গেমের গ্রাফিকস ও কিছু দৃশ্য অসম্পূর্ণ মনে হলেও, বোঝা যাচ্ছে যে চলতি বছরের শেষের দিকে বড় কোনো আয়োজনে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরিকল্পনা ছিল। ট্রেলারে দেখা যায়, টনি স্টার্ক তার পরিচিত আয়রন ম্যান স্যুট পরে আকাশে উড়ছেন এবং ব্যারেল রোলসহ বিভিন্ন কসরত দেখাচ্ছেন। পাশাপাশি হাই-টেক বর্ম পরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেও তাকে দেখা যায়।
এই গেমে টনি স্টার্কের পাশাপাশি তার কাছের মানুষ রোডি (ওয়ার মেশিন) ও পেপার পটসকে দেখা গেছে। এ ছাড়া ভিলেন হিসেবে দেখা মিলবে ম্যাডাম মাস্ক এবং ব্লিজার্ডের। ভিডিও ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ইএ এবং মোটিভ বিষয়টি স্বীকার করে নেয়। তারা জানায়, ঘটনাটি পরিকল্পনা অনুযায়ী হয়নি, তবে গেমটি নিয়ে তাদের বড় পরিকল্পনা রয়েছে এবং সঠিক সময়ে তারা আনুষ্ঠানিকভাবে সব কিছু সামনে আনবে।
উল্লেখ্য, ইএ পূর্বে মার্ভেল হিরোদের নিয়ে একটি ট্রিলজি বা ৩ গেমের সিরিজ তৈরির ঘোষণা দিলেও পরবর্তী সময়ে সেখান থেকে সরে আসে। ‘ব্ল্যাক প্যান্থার’ গেম তৈরির কাজ প্রাথমিক পর্যায়ে থাকার পরই এর স্টুডিও বন্ধ হয়ে যায় এবং ৩ নম্বর গেমটির কোনো আপডেট পাওয়া যায়নি। ফলে এই আয়রন ম্যান গেমটিই হতে যাচ্ছে ইএ-এর সেই ট্রিলজি পরিকল্পনার একমাত্র গেম। অন্যদিকে স্কাইড্যান্স স্টুডিওর বহু প্রতীক্ষিত গেম ‘মার্ভেল ১৯৪৩ : রাইজ অব হাইড্রা’ নিয়েও আপাতত নতুন কোনো খবর মেলেনি। পিসি ও কনসোলে গেমটি মুক্তির বিষয়ে অফিশিয়াল কোনো ঘোষণা এলে আরো বিস্তারিত জানা যাবে।
Publisher & Editor