মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিমদের চিরশত্রু: মোজতবা খামেনি

প্রকাশিত: ০৭:০৩, ৩০ আগস্ট ২০২৬ | ১৫

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রু’র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও ইসরায়েলকে মুসলিম ঐক্য ও বন্ধুত্বের ‘চিরশত্রু’ বলে উল্লেখ করেন তিনি।

রোববার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে খামেনি বলেন, তারা মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের বিভক্তি ও শক্তি দুর্বল হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে তারা, যাতে উপযুক্ত সময়ে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে।

মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান খামেনি। তিনি প্রশ্ন তোলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত, তাহলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় হয়ে দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো?

তিনি বলেন, মুসলিম দেশগুলো ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না।

মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, তাদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে, শত্রুর পরিকল্পনা বুঝতে হবে এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

খামেনির মতে, তাদের এই শত্রুতা কেবল ইরান, ইরানি জনগণ কিংবা ইসলামি প্রতিরোধের বিরুদ্ধেই সীমাবদ্ধ নয়; বরং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ সমগ্র মুসলিম বিশ্বের ওপরই তাদের ক্ষোভ রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor