লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি কৃষকের সঙ্গে ধস্তাধস্তি ও মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যের বিরুদ্ধে। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শটগান) ও একটি ওয়াকিটকি সেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই পতাকা বৈঠকের মাধ্যমে বিএেসএফের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র (শটগান) ও একটি ওয়াকিটকি সেট বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করেন।
বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের উভয় দেশের ৯০৭ প্রধান পিলার নম্বরের ২ নম্বর উপপিলারের শূন্যরেখার লাগোয় মাঠে বাংলাদেশি অংশের গরুকে ঘাস খাওয়াতে যান কয়েকজন কৃষক। এ সময় ভারতের ৭৮ পাগলীমারী ক্যাম্পের টহলদলের তিন বিএসএফ সদস্য হঠাৎ করে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে ওই কৃষকদের উপর চরাও হন।
এতে বাংলাদেশি কৃষকেরা এ ঘটনার প্রতিবাদ করার একপর্যায়ে বিএসএফ সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশি কৃষকদেরকে মারপিট করার একপর্যায়ে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে তীব্র বাদানুবাদের সময় স্থানীয় লোকজনেরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা শটগান (রাইফেল) ও ওয়াকিটকি রেখে ভারতের অভ্যন্তরে দ্রুত সটকে পড়ে। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বনচৌকি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শরিফুল ইসলাম শটগান ও ওয়াকিটকি সেটটি উদ্ধার করেন।
এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলের পাশে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মনোজ কুমার।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। পরে বিএসএফের নিকট শটগান ও ওয়াকিটকি সেট হস্তান্তর করেন বিজিবি। বৈঠকে বিজিবি বিএসএফকে বাংলাদেশি নাগরিকদের কৃষি কাজে হস্তক্ষেপ না করতে, পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান। এ সময় বিএসএফ সীমান্ত নিরাপত্তায় সমঝোতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানায়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছেন। জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
Publisher & Editor