মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পাঁচ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ, নেপথ্যে কী?

প্রকাশিত: ০৭:৩১, ২৫ আগস্ট ২০২৬ | ১০

বলিউডের পর্দায় শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের রসায়ন বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। ‘মোহাব্বতেঁ’, ‘দেবদাস’-এর মতো আলোচিত সিনেমায় তাদের জুটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

যদিও বড় পর্দায় তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল ‘জোশ’ সিনেমায়, যেখানে ভাই-বোনের চরিত্রে দেখা গিয়েছিল দুজনকে।
তবে একসময় এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল, যখন শাহরুখ খানের সঙ্গে কাজ করার কথা থাকা একের পর এক সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল ঐশ্বরিয়াকে। 

অভিনেত্রীর দাবি অনুযায়ী, অন্তত পাঁচটি সিনেমা হাতছাড়া হয়েছিল তার। এর মধ্যে ছিল ‘চলতে চলতে’, ‘বীর-জারা’ ও ‘কাল হো না হো’র মতো আলোচিত সিনেমাও।

সবচেয়ে বেশি আলোচিত ঘটনাটি ২০০৩ সালের সিনেমা ‘চলতে চলতে’কে ঘিরে। শুরুতে শাহরুখ খানের বিপরীতে সিনেমাটির নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই। শুটিংও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাকে সরিয়ে নেওয়া হয় সিনেমাটি থেকে।

পরে তার জায়গায় অভিনয় করেন রানি মুখার্জি।
সেই সময় ঐশ্বরিয়া ও সালমান খানের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ভারতীয় বিভিন্ন প্রতিবেদন ও গুঞ্জনে দাবি করা হয়, ‘চলতে চলতে’র শুটিং সেটে সালমানের উপস্থিতি ও ঘটনাকে কেন্দ্র করে কাজের পরিবেশ ব্যাহত হয়েছিল। এতে সিনেমাটির শুটিং ও পুরো ইউনিটের ওপর চাপ তৈরি হয় বলে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

পরবর্তী সময়ে প্রখ্যাত সঞ্চালক সিমি গারেওয়ালের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ঐশ্বরিয়া।

তার ভাষায়, কয়েকটি সিনেমা ছিল, যেগুলোতে তার কাজ করার কথা ছিল। কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই একসময় তাকে সেসব সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়।
অভিনেত্রী বলেছিলেন, ‘কিছু ছবি ছিল যা তিনি আমার সঙ্গেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কোনো স্পষ্ট কারণ ছাড়া আমাকে ছবিগুলো থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তটি আমার ছিল না। এমন পরিস্থিতিতে যে কেউ অবাক ও মানসিক আঘাত পাবে, আর আমিও সেটাই পেয়েছিলাম।’

পরে শাহরুখ খানও বিষয়টি নিয়ে কথা বলেন এবং ঐশ্বরিয়াকে সিনেমা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বিষয়টি শুধু তার একার সিদ্ধান্ত ছিল না। প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল একটি বড় দল এবং ইউটিভিসহ একাধিক অংশীদার।

শাহরুখ বলেছিলেন, ‘প্রযোজক হিসেবে আমার হাত বাঁধা ছিল কারণ আমিই একমাত্র প্রযোজক নই। আমার একদল টিম আছে এবং এবার ইউটিভিও আমাদের সঙ্গে কাজ করছে। এটি ১০-১১ জনের একসঙ্গে নেওয়া একটি সিদ্ধান্ত ছিল।’

তার ভাষ্য অনুযায়ী, কম্পানির সুনাম ও কাজের সময়সূচি বজায় রাখার চাপও তখন গুরুত্বপূর্ণ বিষয় ছিল। নির্মাতারা নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করতে চেয়েছিলেন। ফলে পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিকে তিনি পেশাদার সিদ্ধান্ত হিসেবেই ব্যাখ্যা করেন।

তবে একই সঙ্গে ঐশ্বরিয়ার প্রশংসাও করেছেন শাহরুখ। তাকে অত্যন্ত পেশাদার একজন শিল্পী হিসেবেই দেখেন তিনি। আর এভাবে তাকে সিনেমা থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে পরে অনুতাপও প্রকাশ করেছিলেন বলিউডের এই তারকা।

ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মধ্যেও অবশ্য থেমে থাকেননি ঐশ্বরিয়া রাই। ক্যারিয়ারের বিভিন্ন উত্থান-পতন পেরিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। পরে অভিষেক বচ্চনকে বিয়ে করেন এই অভিনেত্রী। মাতৃত্বের পরও অভিনয়ে ফিরেছেন সময় নিয়ে।

Mahfuzur Rahman

Publisher & Editor