মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ম্যাচের আগে নেইমার ও খুদে ভক্তের আবেগী মুহূর্ত, ভাইরাল নেটদুনিয়ায়

প্রকাশিত: ০৭:২৪, ২৫ আগস্ট ২০২৬ |

ফুটবল মাঠে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের পায়ের জাদু বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করে, তেমনি মাঠের বাইরেও তার মানবিক আচরণ বারবার মানুষের হৃদয় জয় করে নেয়। গতকাল ব্রাজিলিয়ান লিগে স্যান্টোস এফসির হোম ম্যাচে আবারও তার এক অনন্য রূপ দেখল বিশ্ব।

ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে এক খুদে ভক্তকে জড়িয়ে ধরে এক আবেগঘন পরিবেশ তৈরি করেন এই ব্রাজিলিয়ান তারকা। 
যার একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কুড়িয়েছে নেটিজেনদের প্রশংসা। মাঠের এমন একটি আবেগঘন মুহূর্ত সম্প্রতি সবার হৃদয় ছুঁয়ে গেছে, যা ফুটবল ভক্তদের মাঝে দারুণভাবে আলোচিত হচ্ছে।

গতকাল ২৪ আগস্ট ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরি এ লিগে মিরাসোল ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল স্যান্টোস এফসি। ম্যাচ শুরুর আগে প্রথা অনুযায়ী দুদলের খেলোয়াড়রা যখন সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছিলেন। ঠিক তখনই ঘটে এই চমৎকার ঘটনা। নেইমারের ঠিক সামনে ম্যাচডে ম্যাসকট হিসেবে দাঁড়িয়েছিল এক ছোট্ট মেয়ে।

নেইমারকে নিজের এত কাছে দেখে ছোট্ট মেয়েটি আনন্দে ও আবেগে কাঁদতে শুরু করে। সে তার প্রিয় তারকার দিকে তাকিয়ে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না।

মেয়েটিকে কাঁদতে দেখে নেইমার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে কাছে টেনে নেন । পরম মমতায় তাকে জড়িয়ে ধরেন। তিনি বেশ কিছুক্ষণ মেয়েটিকে সান্ত্বনা দেন ও তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন।

ফুটবল মাঠে শিশুদের প্রতি নেইমারের এমন সদয় ও চমৎকার আচরণের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ভক্তরা তার এই মানবিক গুণের প্রশংসা করছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor